গত ২৪ ঘণ্টায় ইয়েমেনে দুই হাজার ৭৫০টির বেশি সুনির্দিষ্ট হামলা চালানোর দাবি করেছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত দেশটির সরকার। এসব হামলায় ইরান-সমর্থিত হুথি বাহিনীর ১ হাজার ৪০০ জনের বেশি যোদ্ধা ‘ হতাহত’ হয়েছে বলে জানিয়েছে তারা।
শুক্রবার (৯ অক্টোবর) আনাদোলু এজেন্সীর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, হুথিদের নিয়ন্ত্রণে থাকা ভূখণ্ড পুনরুদ্ধারে চলমান সামরিক অভিযানের অংশ হিসেবে এসব হামলা চালানো হয়।
ইয়েমেনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবার প্রকাশিত এক বিবৃতিতে দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্নেল মাজিদ আল-নুজাইলি এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘ডন অব ইয়েমেন’ নামের অভিযানের আওতায় হুথিদের নিয়ন্ত্রিত ভূখণ্ডের গভীরে থাকা গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোও লক্ষ্যবস্তু করা হয়েছে।
স্থলবাহিনী হুথিদের প্রতিরক্ষাব্যূহ ভেঙে গুরুত্বপূর্ণ অবস্থানগুলো পুনর্দখল করেছে জানিয়ে আল-নুজাইলি বলেন, পাশাপাশি অভিযানে অর্জিত সাফল্য ধরে রেখেছে তারা। নির্ধারিত সামরিক পরিকল্পনা অনুযায়ী অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে, গত রোববার ‘ডন অব ইয়েমেন’ অভিযান শুরুর ঘোষণা দেয় ইয়েমেন সরকার। ইরান-সমর্থিত হুথিদের নিয়ন্ত্রণে থাকা ইয়েমেনের ভূখণ্ড পুনরুদ্ধার করাই এ অভিযানের লক্ষ্য।
তবে হামলা ও হুথি যোদ্ধাদের হতাহত হওয়ার বিষয়ে সরকারের এসব দাবির পক্ষে স্বাধীনভাবে যাচাই করা কোনো তথ্য উল্লেখ করা হয়নি প্রতিবেদনে।
