বিদেশে বসেই অনলাইনে ব্যাংক হিসাব খোলা ও পরিচালনার সুযোগ পাচ্ছেন প্রবাসীরা। একই সঙ্গে হিসাবের জমা অর্থ ও অর্জিত মুনাফা বিদেশে ফেরত নেওয়া, দেশে বিনিয়োগ এবং জমার বিপরীতে ঋণ নেওয়ার সুবিধাও যুক্ত হয়েছে। নন-রেসিডেন্ট কনভার্টিবল টাকা অ্যাকাউন্টের (এনআরসিটিএ) নিয়মে এসব পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক।
শুক্রবার (১০ অক্টোবর) রাতে কেন্দ্রীয় ব্যাংকের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন নিয়ম অনুযায়ী, প্রবাসীরা অফশোর ব্যাংকিং ইউনিটের পাশাপাশি অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকেও এনআরসিটিএ হিসাব খুলতে পারবেন। সঞ্চয়ী, চলতি ও মেয়াদি আমানত, এই তিন ধরনের হিসাবের মধ্যে পছন্দ অনুযায়ী যেকোনোটি বেছে নেওয়া যাবে।
অনলাইন ও ই-ব্যাংকিংয়ের মাধ্যমে বিদেশে বসেই হিসাব খোলা ও পরিচালনা করা যাবে। বিদেশে উপার্জিত অর্থ ব্যাংক, এক্সচেঞ্জ হাউস, মানি ট্রান্সফার অপারেটর কিংবা নিজস্ব বৈদেশিক মুদ্রা হিসাব থেকে সরাসরি এ হিসাবে জমা রাখা যাবে।
এ হিসাবের অর্থ দেশে ব্যক্তিগত খরচ মেটানো, অন্য ব্যাংক হিসাবে স্থানান্তর এবং সরকার অনুমোদিত খাতে বিনিয়োগ করা যাবে। পাশাপাশি জমা অর্থ জামানত রেখে ব্যাংক থেকে ঋণ নেওয়ার সুযোগও থাকছে।
নতুন নিয়মে হিসাবের মূল টাকা ও এর বিপরীতে অর্জিত সুদ বা মুনাফা বিদেশে ফেরত নেওয়া যাবে। বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগের লক্ষ্য প্রবাসীদের অর্থ নিরাপদে জমা রাখা, দেশে অর্থ ব্যবহারের সুযোগ বাড়ানো এবং বৈধ বিনিয়োগ উৎসাহিত করা।
