সেনবাগ সরকারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন নোয়াখালী-২ আসনের এমপি জয়নুল আবদিন ফারুক। এসময় বিপুল সংখ্যক চিকিৎসক ও কর্মচারীর অনুপস্থিত দেখে তিনি চরম ক্ষোভ প্রকাশ করেন। তাৎক্ষণিক অনুপস্থিত সব (১৭ জন) চিকিৎসককে শোকজের নির্দেশ দেন।
শনিবার (১০ অক্টোবর) সকাল ৯টায় পরিদর্শনে ওই স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শনে যান তিনি। এরপর দীর্ঘ ৩৫ মিনিট অপেক্ষার পর মাত্র দুইজন চিকিৎসককে কর্মস্থলে উপস্থিত পান।
হাসপাতালের দায়িত্বশীল সূত্র মতে, শনিবার সকালে হাসপাতালে ঢুকেন এমপি জয়নুল আবদিন ফারুক। এরপর প্রথমে হাসপাতালের জরুরি বিভাগের খবর নেন। খোঁজ নিয়ে দেখেন জরুরি বিভাগের ডাক্তার কর্মরত রয়েছেন। হাসপাতালের ডাক্তারদের অন্যান্য চেম্বারগুলো তখনও খালি। আর কোনো ডাক্তার উপস্থিত ছিলেন না। এর কিছু সময় পর হাসপাতালে আসেন উপজেলা স্বাস্থ্য ও কর্মকর্তা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচও) ডাক্তার রাদিয়া সুলতানা।
সকাল ৯টা থেকে দীর্ঘ ৩৫ মিনিট পর্যন্ত এমপি জয়নুল আবদিন ফারুকের উপস্থিতির সময় আর কোনো ডাক্তারকে কর্মস্থলে পাওয়া যায়নি। তিনি তাৎক্ষণিক সব (১৭জন) চিকিৎসককে শোকজের নির্দেশ দেন। শোকজের চিঠির অনুলিপি সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা থেকে মন্ত্রণালয় পর্যন্ত সরকারি সংশ্লিষ্ট সকল দপ্তরে প্রেরণের নির্দেশ দেন। এ সময় সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মো. এরফানুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে জানতে চেয়ে সেনবাগ উপজেলা স্বাস্থ্য ও কর্মকর্তা প. প. কর্মকর্তা (ইউএইচও) ডা. রাদিয়া সুলতানাকে মোবাইলে বার বার কল দেওয়া হলেও প্রথমে ফোন রিসিভ করেননি। পরে একবার ফোন রিসিভ করে এমপি জয়নুল আবদিন ফারুকের পরিদর্শনে বিপুল সংখ্যক চিকিৎসকের অনুপস্থিত থাকা এবং তাদেরকে শোকজ করার বিষয়টি নিশ্চিত করলেও সংখ্যা জানাতে অপারগতা প্রকাশ করেন। তাছাড়া অনুপস্থিত কর্মচারীদের বিষয় কোনো তথ্য না দিয়ে ফোন কেটে দেন। এরপর ফোন করা হলে তিনি আর ফোন রিসিভ করেননি।
এমপির পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. এরফানুল হক চৌধুরী। শনিবার বিকেলে ইত্তেফাক ডিজিটালকে তিনি বলেন, ‘এমপি মহোদয়ের পরিদর্শনের সময় বিপুল সংখ্যক চিকিৎসকের অনুপস্থিত দেখে ক্ষোভ প্রকাশ করেন এবং অনুপস্থিত সব চিকিৎসক শোকজের নির্দেশ দিয়েছেন।’ তাছাড়া এদিন বিকেল পর্যন্ত শোকজের অনুলিপির কপি তিনি পাননি বলে জানান।
পরিদর্শনের সময় বিপুল সংখ্যক চিকিৎসকের অনুপস্থিত এবং তাদের শোকজের নির্দেশের বিষয়টি ইত্তেফাক ডিজিটালকে নিশ্চিত করেছেন এমপি জয়নুল আবদিন ফারুক। তিনি জানান, দায়িত্ব অবহেলায় সব চিকিৎসককে শোকজ করা হয়েছে। শোকজের চিঠির অনুলিপি সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা থেকে মন্ত্রণালয় পর্যন্ত সরকারি সংশ্লিষ্ট সকল দপ্তরে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে। শোকজের বক্তব্যের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
