ভারতের রাজধানী নয়াদিল্লির একটি পুলিশ স্টেশনে পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন আইনজীবীকে ঘণ্টার পর ঘণ্টা আটকে রেখে শারীরিক নির্যাতনের গুরুতর অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। নজিরবিহীন এই ঘটনার বিষয়টি তাৎক্ষণিকভাবে দেশটির সুপ্রিম কোর্টের নজরে আনা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) নয়াদিল্লির ময়দান গড়ি এলাকার সঞ্জয় কলোনি পুলিশ থানায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
আইনবিষয়ক অনলাইন সংবাদমাধ্যম ‘বার অ্যান্ড বেঞ্চ’-এর প্রতিবেদন অনুযায়ী, আবেদনকারী আইনজীবীদের পক্ষে ভারতের সুপ্রিম কোর্টে বিষয়টি উপস্থাপন করেন জ্যেষ্ঠ আইনজীবী সঞ্জয় হেগড়ে। আদালতে শুনানিকালে তিনি জানান, বিভিন্ন আইনি কাজে সঞ্জয় কলোনি থানায় যাওয়া আইনজীবীদের দীর্ঘ সময় বেআইনিভাবে আটকে রাখা হয় এবং তাদের ওপর নির্মম মারধর চালানো হয়।
আদালতকে জ্যেষ্ঠ আইনজীবী সঞ্জয় হেগড়ে আরও বলেন, ‘ভুক্তভোগী আইনজীবীদের মধ্যে বেশ কয়েকজন সরাসরি আমার চেম্বারে কাজ করেছেন। তাঁদের ওপর নির্যাতন চালানোর পাশাপাশি ঘটনা ধামাচাপা দিতে উল্টো ভুক্তভোগী আইনজীবীদের বিরুদ্ধেই মিথ্যা এফআইআর (প্রাথমিক তথ্য বিবরণী) দায়ের করার প্রকাশ্য হুমকি দিয়েছেন সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা।’
আইনজীবীদের ওপর এমন বেআইনি আচরণ ও পুলিশি নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে দিল্লি আদালত প্রাঙ্গণ ও আইনি মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে দেশটির শীর্ষ আদালত প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
