চিকিৎসার জন্য বিদেশে যেতে হচ্ছে নাহিদ রানাকে

আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ১৮:০৭

বেশ দীর্ঘ সময় ধরে ইনজুরির সঙ্গে লড়ছেন বাংলাদেশের পেসার নাহিদ রানা। চোটের কারণে খেলতে পারেননি বেশ কয়েকটি সিরিজে। মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন এমন সময় গত মাসের শেষ দিকে আবারও কোমরের নিচের অংশে চোট পান এই টাইগার পেসার।

সেই চোট এখনও ভোগাচ্ছে নাহিদকে। স্ক্যান করানোর পর গুরুতর কিছু ধরা না পড়লেও ব্যথা থাকায় দীর্ঘ সময় বোলিং করতে পারছেন না তিনি। এ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য দ্রুতই দেশের বাইরে নেওয়া হবে। 

প্রধান নির্বাচক হাবিবুল বাশার

এ প্রসঙ্গে প্রধান নির্বাচক হাবিবুল বাশার বলেন, ‘আমার মনে হয় তাকে একটা স্ক্যান করানো হচ্ছে। সম্ভবত সে দেশের বাইরেও যেতে পারে যত দ্রুত সম্ভব। তাকে ফিরিয়ে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। কিন্তু আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, যেখান থেকে সঠিক সময়সীমা দিতে পারছি না।’

চোটের কারণে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে নাহিদের খেলা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। এ প্রসঙ্গে বাশার বলেন, ‘সে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলতেও পারে, সে এখনো ছিটকে যায়নি। আপাতত আমরা এটা নিয়েই এগোচ্ছি।’

ইত্তেফাক/জেডএইচ