ডারবান টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ইনিংসে দুর্দান্ত পারফরম্যান্স করলেন ম্যাট রেনশ। চাপের মুখে দ্বিতীয় দিনের প্রথম সেশনে দারুণ এক সেঞ্চুরি তুলে নিয়েছেন এই অজি ব্যাটার।
শনিবার (১০ অক্টোবর) লাঞ্চের সময় সেঞ্চুরি দেখা পান রেনশ। এই ইনিংস খেলে রেকর্ড বইয়ে নাম লিখলেন তিনি। এক যুগেরও বেশি সময় পর দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম অস্ট্রেলিয়ান হিসেবে সেঞ্চুরি করলেন এই ব্যাটার।
রেনশর আগে দক্ষিণ আফ্রিকায় টেস্ট সেঞ্চুরি করা শেষ অস্ট্রেলিয়ান ছিলেন ডেভিড ওয়ার্নার। ২০১৪ সালের মার্চে কেপ টাউন টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৪৫ রান করেছিলেন তিনি। বাঁহাতি লিজেন্ডারি ব্যাটারও প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছিলেন।
রেনশর এটি দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি। তার প্রথম সেঞ্চুরি এসেছিল ২০১৭ সালের জানুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে সিডনি টেস্টে। ওই ম্যাচের প্রথম ইনিংসে ওপেনার হিসেবে ২৯৩ বলে ১৮৪ রান করেছিলেন তিনি।
রেনশর সেঞ্চুরিতে ভালো অবস্থানে পৌঁছেছে অস্ট্রেলিয়া। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১১৫ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩২৪ রান সংগ্রহ করেছে অজিরা। ১৫ চারের সাহায্যে ১৪৩ রানে অপরাজিত আছেন রেনশ।
