দুর্গাপূজায় চলবে ৩ জোড়া বিশেষ ট্রেন, ৫ ট্রেনের সাপ্তাহিক বিরতি বাতিল

আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ১৮:১৩

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে তিন জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। একই সঙ্গে পাঁচটি ট্রেনের সাপ্তাহিক বিরতি (অফ ডে) বাতিল করা হয়েছে। এ ছাড়া যাত্রীদের চাপ সামলাতে পূর্বাঞ্চলে ২৩টি মিটারগেজ ও পশ্চিমাঞ্চলে ৬টি ব্রডগেজ কোচ যুক্ত করা হবে।

রোববার (১১ অক্টোবর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে দুর্গাপূজা উপলক্ষে পরিবহন প্রস্তুতি নিয়ে আয়োজিত সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০ অক্টোবর চট্টগ্রাম থেকে ঢাকায় চলবে ঢাকা স্পেশাল-৩। ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে ২০, ২৩ ও ২৪ অক্টোবর চলবে ট্যুরিস্ট স্পেশাল-১ ও ২। এ ছাড়া ২৪ অক্টোবর ঢাকা থেকে চট্টগ্রাম রুটে চলবে চট্টগ্রাম স্পেশাল-৪।

যাত্রীদের চাপ সামলাতে পাঁচটি ট্রেনের সাপ্তাহিক বিরতিও বাতিল করা হয়েছে। এর মধ্যে ঢাকা-কক্সবাজার রুটের কক্সবাজার এক্সপ্রেসের ১৯ ও ২০ অক্টোবরের বিরতি বাতিল করা হয়েছে। ঢাকা-খুলনা রুটের জাহানাবাদ এক্সপ্রেস ও ঢাকা-বেনাপোল রুটের রূপসী বাংলা এক্সপ্রেসের ১৯ অক্টোবর, ঢাকা-রাজশাহী রুটের পদ্মা এক্সপ্রেসের ২০ অক্টোবর এবং একই রুটের মধুমতি এক্সপ্রেসের ২৪ অক্টোবরের সাপ্তাহিক বিরতি বাতিল করা হয়েছে।

দুর্গাপূজার সময় ট্রেনের সময়ানুবর্তিতা বজায় রাখা ও সূচি বিপর্যয় এড়াতে গুরুত্বপূর্ণ জংশন স্টেশন এবং সিগন্যাল কেবিনে কর্মকর্তা ও পরিদর্শকদের তদারকি বাড়ানো হবে। চাহিদা অনুযায়ী ইঞ্জিন সরবরাহের পাশাপাশি রেলপথ, সেতু, সিগন্যাল ব্যবস্থা, কোচ ও ইঞ্জিনের বিশেষ পরিচর্যা করা হবে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হবে উদ্ধারকারী ট্রেন।

ঢাকা, বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী ও খুলনাসহ প্রধান স্টেশনগুলোতে রেলওয়ে পুলিশ (জিআরপি) ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সহযোগিতায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। কমলাপুর ও বিমানবন্দর রেলস্টেশনে ১৯ ও ২০ অক্টোবর ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। চলন্ত ট্রেন, স্টেশন ও রেললাইনে নাশকতা প্রতিরোধেও নজরদারি বাড়ানো হবে।

সভায় সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। এতে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, সেতু বিভাগ ও নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজিব আহসান, সংশ্লিষ্ট সচিব ও দপ্তরপ্রধানেরা, ঢাকা ও গাজীপুর মহানগর পুলিশের কমিশনার এবং পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা।

ইত্তেফাক/এমএএম