সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ প্রসঙ্গে ব্যাখ্যা দিল খুলনা পুলিশ 

আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ২০:০০

পুলিশ পরিদর্শক মো. শাহ আলমের ওপর ছিনতাইকারীদের হামলার ঘটনায় খুলনা জেলা পুলিশের সতর্কতামূলক নির্দেশনা প্রসঙ্গে ব্যাখ্যা দিয়েছে পুলিশ সুপারের দপ্তর।

রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো ব্যাখ্যায় বলা হয়, আদেশটি শুধুমাত্র খুলনা জেলা পুলিশের সদস্যদের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে প্রণীত হয়েছিল।

এটি কোনোভাবেই খুলনা জেলা পুলিশের নিয়মিত কার্যক্রম সীমিত করা কিংবা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে নেতিবাচক কোনো বার্তা দেওয়ার উদ্দেশে জারি করা হয়নি। অভ্যন্তরীণ নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধির উদ্দেশে জারিকৃত নির্দেশনাটি জনসমক্ষে প্রকাশিত হওয়ায় কিছু বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। এই নির্দেশনাটি শুধুমাত্র খুলনা জেলা পুলিশ সদস্যদের জন্য এবং এই সরল বার্তাটি নিয়ে কোনো রকম অপতথ্য ও অপপ্রচার ছড়িয়ে জনগণের বিভ্রান্ত না করতে সবাইকে অনুরোধ জানানো হয়েছে।

খুলনার পুলিশ সুপার সরকার ওমর ফারুকের বরাতে এতে আরও বলা হয়, বিষয়টি তদন্তের জন্য ইতোমধ্যে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে নির্দেশনাটি প্রকাশের সঙ্গে সংশ্লিষ্ট কারো দায়িত্বহীনতা বা বিধিবহির্ভূত কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া গেলে প্রচলিত বিধি অনুযায়ী প্রয়োজনীয় বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। খুলনা জেলা পুলিশ দৃঢ় মনোবল ও পেশাদারিত্বের সঙ্গে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। কোনো বিচ্ছিন্ন ঘটনা কিংবা অভ্যন্তরীণ নির্দেশনা সম্পর্কে সৃষ্ট বিভ্রান্তি জেলার আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের নিয়মিত ও নিরবচ্ছিন্ন কার্যক্রমকে ব্যাহত করবে না। জনসাধারণকে এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার এবং বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে বিষয়টি বিবেচনা করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। 

উল্লেখ্য, গত বৃহস্পতিবার গভীর রাতে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. শাহ আলম দায়িত্ব পালন শেষে গভীর রাতে সাদা পোশাকে রূপসা ফেরি পার হয়ে রিকশায় নগরীর সিমেট্রি রোডের পুলিশ ক্লাবে যাওয়ার পথে খানজাহান আলী রোডে কলেজিয়েট স্কুলের নিকট তিনজন ছিনতাইকারীর হামলার শিকার হন। তিনি ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত ও দায়িত্ব পালন শেষে, বিশেষত গভীর রাতে সাদা পোশাকে চলাচলের সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়িয়ে চলার বিষয়ে সতর্ক ও সচেতন করার লক্ষ্যে গত শুক্রবার রাতে পুলিশ সুপার, খুলনার স্বাক্ষরে একটি আন্ত:বিভাগীয় নির্দেশনামূলক অফিস আদেশ জারি করা হয়।

এর আগে গত শুক্রবার রাতে জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) পুলিশ সুপার স্বাক্ষরিত এক দাপ্তরিক চিঠিতে একটি নির্দেশনা দেওয়া হয়। 

ওই নির্দেশনাপত্রে উল্লেখ করা হয়, চলমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় জেলার রূপসা, তেরখাদা, দিঘলিয়া ও বটিয়াঘাটা থানা এলাকায় বর্তমানে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। সম্প্রতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার ঘটনা পরিলক্ষিত হওয়ায় সদস্যদের ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করা জরুরি হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে বিশেষ অভিযান কিংবা অন্যান্য দায়িত্ব পালনকালে রাতে কোনোভাবেই যেন সদস্যরা একা চলাচল না করেন, তা নিশ্চিত করতে ইউনিট প্রধানদের প্রতি কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

ইত্তেফাক/এপি