আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের সকল তফসিলি ব্যাংকে আগামী ২০ থেকে ২২ অক্টোবর (মঙ্গলবার থেকে বৃহস্পতিবার) টানা তিন দিন ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। তবে পূজার ছুটির সমন্বয় হিসেবে পূজার ঠিক আগের শনিবার (১৭ অক্টোবর) সব ব্যাংক খোলা থাকবে।
রোববার (১১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সকল তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের সঙ্গে সঙ্গতি রেখে ব্যাংক ছুটির এই নতুন সূচি নির্ধারণ করা হয়েছে।
সরকারি ছুটির মূল তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর (মঙ্গলবার) মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি এবং ২১ অক্টোবর (বুধবার) বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারিত ছিল। নতুন সিদ্ধান্তে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) বাড়তি ছুটি যুক্ত হওয়ায় ব্যাংকে পূজার ছুটি দাঁড়িয়েছে তিন দিন। এরপরের দুই দিন ২৩ ও ২৪ অক্টোবর (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় ব্যাংক গ্রাহক ও কর্মকর্তারা টানা ৫ দিনের ছুটি পাচ্ছেন।
তবে ছুটির এই সমন্বয় বজায় রাখতে পূজার আগের শনিবার অর্থাৎ ১৭ অক্টোবর সরকারি ও বেসরকারি অফিসের পাশাপাশি দেশের সকল ব্যাংক স্বাভাবি সময়সূচি অনুযায়ী খোলা থাকবে।
ছুটাকালীন সময়ে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড ও বৈদেশিক বাণিজ্য গতিশীল রাখতে কিছু বিশেষ দিকনির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
সার্কুলারে বলা হয়েছে, সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা ও বুথগুলোতে পূজার ৩ দিনের ছুটি এবং পরবর্তী দুই দিনের সাপ্তাহিক ছুটির সময়েও (২০ থেকে ২৪ অক্টোবর) আমদানি-রপ্তানি সংক্রান্ত প্রয়োজনীয় কার্যক্রম সীমিত আকারে চালু রাখতে হবে। এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
