ভুয়া অফিস আদেশ প্রচার, সতর্ক করলো শিক্ষা মন্ত্রণালয়

আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ২২:৪৫

শিক্ষা মন্ত্রণালয়ের নামে বিশ্ববিদ্যালয়-সংক্রান্ত ‘ভুয়া’ ও ‘অসত্য’ অফিস আদেশ প্রচার করা হচ্ছে বলে সতর্ক করেছে মন্ত্রণালয়। রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বিশ্ববিদ্যালয়সমূহে শিক্ষার্থীদের প্রতি একাডেমিক কার্যক্রমে আন্তরিকতা প্রদর্শন প্রসঙ্গে’ শিরোনামে একটি কথিত অফিস আদেশ প্রচার করা হচ্ছে। ১১ অক্টোবর প্রকাশিত ওই আদেশে শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. সুলতান আহমেদের সই নকল করা হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, প্রচারিত আদেশটির সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। এটি সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচারের ফলে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বিভ্রান্তি ও ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে।

এ অবস্থায় সংশ্লিষ্ট সবাইকে ভুয়া অফিস আদেশ সম্পর্কে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়। একই সঙ্গে আদেশটির ভিত্তিতে কোনও পদক্ষেপ না নেওয়া এবং এটি শেয়ার বা প্রচার করা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়-সংক্রান্ত সঠিক ও যাচাইকৃত তথ্যের জন্য মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট www.shed.gov.bd অনুসরণ করতে বলা হয়েছে।

 
ইত্তেফাক/এনএ