শিক্ষার্থীদের শেখার ফলই হবে প্রাথমিক শিক্ষার সাফল্যের মূল মাপকাঠি: ববি হাজ্জাজ

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৮:০৬

অবকাঠামো উন্নয়ন বা প্রকল্প বাস্তবায়নের চেয়ে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে কতটা শিখছে, সেটাই শিক্ষার মূল মাপকাঠি হওয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানের একটি হোটেলে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ আয়োজিত ‘নাগরিক প্ল্যাটফর্ম সংলাপ: সরকার কতখানি এগোলো? প্রাথমিক শিক্ষার ওপর আলোকপাত’ শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘দীর্ঘ সময় ধরে প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি) আওতায় অবকাঠামো, প্রযুক্তি ও প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি করা হয়েছে। তবে কেবল ভবন নির্মাণ বা সরঞ্জাম সরবরাহ নয়, শিক্ষার্থীর শেখার ফলাফলকেই (লার্নিং আউটকাম) কেন্দ্র করে পুরো শিক্ষা ব্যবস্থাকে আরও কার্যকরভাবে সাজাতে হবে।’

শিক্ষক ব্যবস্থাপনা ও দীর্ঘমেয়াদি সংস্কার নিয়ে ববি হাজ্জাজ বলেন, ‘শিক্ষক সংকট দূর করার পাশাপাশি নিয়োগ প্রক্রিয়া, পেশাগত ক্যারিয়ার, মূল্যায়ন ও প্রশিক্ষণকে একটি সমন্বিত কাঠামোর আওতায় আনার কাজ চলছে। এছাড়া প্রাথমিক বিদ্যালয়ের সময়সূচি, এক শিফট চালু এবং কার্যকর শিখনসময় নিশ্চিত করতে নতুন করে পরিকল্পনা নেওয়া হচ্ছে।’

কারিকুলাম প্রণয়নে শিশু-মনোবিজ্ঞানী ও প্রাথমিক শিক্ষা বিশেষজ্ঞদের সম্পৃক্ত করার কথা জানিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলা মাধ্যম, ইংরেজি মাধ্যম, কিন্ডারগার্টেন কিংবা মাদ্রাসা—দেশের সব ধরনের প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার মান নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের। প্রয়োজনীয় জনবল ও সক্ষমতা তৈরি করে ধাপে ধাপে সব শিক্ষাপ্রতিষ্ঠানকে সরকারের কার্যকর মনিটরিংয়ের আওতায় আনা হবে।

ইত্তেফাক/এমএসআর