পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ককে হত্যার চক্রান্তের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে দেশটির পুলিশ। রোববার (১১ অক্টোবর) পোল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রী মারচিন কিয়েরভিনস্কি এ তথ্য জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ককে হুমকি দেওয়া ও তার ওপর হামলার পরিকল্পনাকারী ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তবে আটক ব্যক্তির পরিচয় বা পরিকল্পিত হামলার বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।
এর আগে প্রধানমন্ত্রী টাস্ক ও দেশটির প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিস্লাভ কোসিনিয়াক-কামিশের ওপর সম্ভাব্য হামলার হুমকির বিষয়ে সতর্ক করেছিল কর্তৃপক্ষ।
পুলিশের দ্রুত ও দৃঢ় পদক্ষেপের জন্য ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী টাস্ক। তিনিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ কথা বলেন।
পোল্যান্ডে সহিংস অপরাধের ঘটনা তুলনামূলকভাবে কম। তবে দেশটিতে রাজনৈতিক মেরুকরণ তীব্র। পাশাপাশি ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধের কারণে নিরাপত্তাঝুঁকির মুখেও রয়েছে দেশটি।
গত আগস্টে পোল্যান্ডের পুলিশ ২৩ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করেছিল। তার বিরুদ্ধে দেশটির জ্যেষ্ঠ রাজনীতিকদের হত্যার আহ্বান জানানোর অভিযোগ ছিল।
এর আগে ২০২৪ সালে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর ওপর হত্যাচেষ্টার ঘটনার পর ডোনাল্ড টাস্ক জানিয়েছিলেন, তিনিও হত্যার হুমকি পেয়েছেন।
পোল্যান্ডের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কারোলিনা গালেতস্কা জানান, সম্ভাব্য হামলার বিষয়ে তথ্য জানিয়ে একটি ই-মেইল পাওয়ার পর তা পুলিশের কাছে পাঠানো হয়। মন্ত্রীদের নিরাপত্তার দায়িত্বে থাকা রাষ্ট্রীয় সুরক্ষা বিভাগ ই-মেইলটি পুলিশের কাছে পাঠিয়েছিল।
সূত্র: রয়টার্স
