দিল্লিতে আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ০২:৫৮

ভারতের দিল্লিতে চলমান আন্দোলনে দমন-পীড়ন বন্ধ এবং গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তির দাবিতে রাজধানীর শাহবাগে সমাবেশ ও মশালমিছিল করেছে বাংলাদেশ যুব ফ্রন্ট এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। 

রোববার (১১ অক্টোবর) ভারতের আন্দোলনকারীদের প্রতি সংহতি জানিয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ কর্মসূচি পালন করেন সংগঠন দুটির নেতা-কর্মীরা।

সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় আহ্বায়ক রাশেদ শাহরিয়ার। সমাবেশ সঞ্চালনা করেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মোজাম্মেল হক।

সভাপতির বক্তব্যে রাশেদ শাহরিয়ার বলেন, গণতান্ত্রিক আন্দোলনে দমন-পীড়নের ঘটনা বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হিসেবে ভারতের দাবির আড়ালে থাকা বাস্তবতাকে উন্মোচিত করেছে। এ ঘটনা সমকালীন বিশ্ব ও রাষ্ট্রব্যবস্থার সংকটকেও সামনে এনেছে। বিদ্যমান ব্যবস্থার বিরুদ্ধে বিপ্লবী গণ-আন্দোলন গড়ে তোলার মধ্য দিয়েই জনগণের বিজয়ের সম্ভাবনা তৈরি হতে পারে বলে তিনি মন্তব্য করেন।

ভারত সরকারের প্রতি আন্দোলনকারীদের দাবি মেনে নেওয়া এবং আটক ব্যক্তিদের মুক্তি দেওয়ার আহ্বান জানান রাশেদ শাহরিয়ার। একই সঙ্গে ভারতের ছাত্রসমাজ ও সাধারণ জনগণকে তাঁদের আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানিয়ে সংহতি প্রকাশ করেন তিনি।

এতে আরও বক্তব্য দেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় অর্থ সম্পাদক ও ঢাকা নগর শাখার সভাপতি নওশিন মুসতারি সাথী, কেন্দ্রীয় সদস্য ও ঢাকা নগর শাখার সহসভাপতি পঙ্কজনাথ সূর্য এবং বাংলাদেশ যুব ফ্রন্টের ঢাকা নগর শাখার আহ্বায়ক রবিউল করিম। সমাবেশ শেষে শাহবাগে একটি মশালমিছিল বের করা হয়।

 
ইত্তেফাক/এমএস