ভবিষ্যৎ ফুটবলের ১০ সুপারস্টার কারা হবেন, নাম জানালেন মেসি

আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ১১:১৮

ফুটবলে নিজের অর্জনের ঝুলিতে কিছু বাকি নেই লিওনেল মেসির। সব কিছুই পেয়েছেন। এবার তার চোখ ভবিষ্যতের দিকে। আগামী দিনে কারা মাতাতে পারেন বিশ্ব ফুটবল, সেই সম্ভাবনাময় তরুণদের মধ্য থেকে ১০ জনকে সামনে এনেছেন আর্জেন্টাইন মহাতারকা।

সোমবার (১২ অক্টোবর) গোল ডটকমের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

বিখ্যাত ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাসের ‘মেসি +১০’ এর প্রচারণার তৃতীয় মৌসুমে জায়গা পেয়েছেন এই ১০ ফুটবলার। তাদের মধ্যে আছেন আর্জেন্টিনার ক্লাব বোকা জুনিয়র্সের তরুণ প্লেমেকার তোমাস আরান্দা। প্রচারণাটির মূল ভাবনায় রয়েছে নতুন প্রজন্মের ফুটবলারদের ঘিরে ভবিষ্যতের সম্ভাবনা ও নতুন অধ্যায়ের সূচনা।

মেসির বাছাই করা তালিকায় আরান্দার উপস্থিতি আর্জেন্টাইন সমর্থকদের জন্য বিশেষ আগ্রহের। বোকা জুনিয়র্সের এই তরুণ নিজের কারিগরি দক্ষতা ও সৃজনশীল ফুটবলে নজর কেড়েছেন। তার প্রতিভা নজর এড়ায়নি আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনিরও। বিশ্বকাপের আগে প্রীতি ম্যাচের সফরের দলেও তাকে রেখেছিলেন আর্জেন্টাইন কোচ।

তবে আপাতত মাঠের বাইরে রয়েছেন আরান্দা। ডান পায়ের ফিবুলার হাড় ভেঙে যাওয়ায় পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন তিনি। চোট কাটিয়ে মাঠে ফেরার অপেক্ষায় থাকা এই তরুণের জন্য মেসির তালিকায় জায়গা পাওয়া নিঃসন্দেহে বড় স্বীকৃতি।

তালিকায় শুধু আর্জেন্টিনার প্রতিভাই নয়, জায়গা পেয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের সম্ভাবনাময় ফুটবলাররা। তাদের মধ্যে আছেন জার্মানির আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের তুর্কি ফুটবলার জান উজুন, মেক্সিকোর তিহুয়ানার গিলবার্তো মোরা এবং ইংলিশ ক্লাব আর্সেনালের তরুণ ম্যাক্স ডাউম্যান। গিলবার্তো মোরাকে ঘিরে ইউরোপের বড় ক্লাবগুলোর আগ্রহের কথাও সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে। সেই তালিকায় রয়েছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার নাম।

ছেলেদের ফুটবলের পাশাপাশি মেয়েদের ফুটবলের উদীয়মান প্রতিভাদেরও গুরুত্ব দিয়েছে এই প্রচারণা। তালিকায় আছেন ইংল্যান্ডের ক্লোয়ি সারউই, ব্রাজিলের জিওভান্না ওয়াকসম্যান ও জার্মানির লোটা ভ্রেডে।

মেসির বেছে নেওয়া বাকি তিন ফুটবলার হলেন যুক্তরাষ্ট্রের জেভিয়ার গোজো, স্পেনের হেসুস রদ্রিগেজ ও নেদারল্যান্ডসের কেস স্মিট।

মেসির নির্বাচিত ১০ ফুটবলারের তালিকায় আরও আছেন যুক্তরাষ্ট্রের জেভিয়ার গোজো, স্পেনের হেসুস রদ্রিগেজ ও নেদারল্যান্ডসের কেস স্মিট।

মেসির বেছে নেওয়া ভবিষ্যতের ১০ তারকা

১. তোমাস আরান্দা — আর্জেন্টিনা, বোকা জুনিয়র্স

২. জান উজুন — তুরস্ক, আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট

৩. গিলবার্তো মোরা — মেক্সিকো, তিহুয়ানা

৪. ম্যাক্স ডাউম্যান — ইংল্যান্ড, আর্সেনাল

৫. জেভিয়ার গোজো — যুক্তরাষ্ট্র, ক্রিস্টাল প্যালেস

৬. হেসুস রদ্রিগেজ — স্পেন, কোমো ১৯০৭

৭. কেস স্মিট — নেদারল্যান্ডস, এজেড আলকমার

৮. ক্লোয়ি সারউই — ইংল্যান্ড, চেলসি

৯. জিওভান্না ওয়াকসম্যান — ব্রাজিল, ওএল লিওন

১০. লোটা ভ্রেডে — জার্মানি, হামবুর্গার এসভি

 

 

ইত্তেফাক/এনটিএম