ফুটবল ক্যারিয়ারে এক হাজার গোল করার লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে নির্দিষ্ট এই মাইলফলকে পৌঁছানোকে নিজের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে দেখছেন না তিনি। বরং ক্যারিয়ারের গোলসংখ্যা ও মাঠের পারফরম্যান্স যথাযথ স্বীকৃতি পাচ্ছে না বলে আক্ষেপ প্রকাশ করেছেন আল নাসরের এই ফরোয়ার্ড। একই সঙ্গে নিজেকে ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড় বলেও দাবি করেছেন তিনি।
সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে রোনালদোর বক্তব্যের কিছু অংশ প্রকাশ করেছে দ্য অ্যাথলেটিক। সেখানে তিনি বলেন, তার পারফরম্যান্সের মান এবং গোলের জন্য মানুষ তাকে যথাযথ কৃতিত্ব দেয় না।
রোনালদের ভাষ্যে, ‘মানুষ আমার পারফরম্যান্সের মান ও গোলগুলোকে প্রাপ্য কৃতিত্ব দেয় না।’

ক্যারিয়ারের পরিসংখ্যানেও অনন্য অবস্থানে রয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার। ক্লাব ও পর্তুগাল জাতীয় দলের হয়ে ১ হাজার ৩৩৭ ম্যাচে তার গোলসংখ্যা ৯৮০। অর্থাৎ পেশাদার ক্যারিয়ারে এক হাজার গোল পূর্ণ করতে তাকে আরও ২০টি গোল করতে হবে।
এক হাজার গোলের লক্ষ্যে পৌঁছানো নিয়ে প্রশ্নের জবাবে রোনালদো বলেন, বিষয়গুলো স্বাভাবিকভাবে এগোতে দেওয়া উচিত। তার ভাষায়, ‘বিষয়গুলো স্বাভাবিকভাবেই ঘটতে হবে। আমি যদি ৯২০, ৯২৫ কিংবা ৯৩০ গোলও করি, এরপরও ইতিহাসের সেরা খেলোয়াড় আমিই—ব্যস, এটাই শেষ কথা।’

তবে এক হাজার গোলের মাইলফলক অর্জনের আকাঙ্ক্ষা এখনো রয়েছে তার। রোনালদো বলেন, ‘পরিসংখ্যানই সব বলে দেয়। আমি যদি ওই সংখ্যায়, অর্থাৎ এক হাজার গোলে পৌঁছাতে পারি, তাহলে সেটা হবে অসাধারণ কিছু। এটি এমন একটি লক্ষ্য, যেটি অর্জনের জন্য আমি কাজ করছি। তবে দীর্ঘমেয়াদি বিষয় নিয়ে আমি ভাবি না।’
খেলা চালিয়ে যাওয়ার বিষয়েও নিজের অনিশ্চয়তার কথা জানিয়েছেন ৪১ বছর বয়সী এই তারকা। ভবিষ্যতে যেকোনো সময় ফুটবলের প্রতি আগ্রহ হারিয়ে ফেলতে পারেন বলে মনে করেন তিনি। রোনালদোর কথায়, ‘আগামীকাল কী হবে, তা আমি জানি না। হয়তো একদিন ঘুম থেকে উঠে দেখব, আমার আর প্রেরণা নেই, আর খেলতে চাই না। সত্যি বলতে, কী ঘটতে পারে, তা আমি জানি না।’
সূত্র: গোলডটকম
