বাংলাদেশ পুলিশ বাহিনীতে ‘ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)’ পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দেশের ৬৪ জেলার নারী ও পুরুষ যোগ্য প্রার্থীরা এ পদে আবেদনের সুযোগ পাবেন। আগ্রহীদের অনলাইনে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন ফরম পূরণ করতে হবে।
আবেদন কার্যক্রম শুরু হবে আগামী ১৩ অক্টোবর থেকে এবং চলবে ৩০ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত। আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক ও অবিবাহিত হতে হবে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে যেকোনো স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫০ থাকতে হবে। আগামী ৩০ অক্টোবর তারিখে প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ২০ বছরের মধ্যে।
শারীরিক যোগ্যতার ক্ষেত্রে সাধারণ ও অন্যান্য কোটার পুরুষ প্রার্থীদের সর্বনিম্ন উচ্চতা হতে হবে ৫ ফুট ৬ ইঞ্চি এবং নারী প্রার্থীদের ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি। তবে ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও মুক্তিযোদ্ধা কোটার প্রার্থীদের ক্ষেত্রে পুরুষদের সর্বনিম্ন উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি এবং নারীদের ৫ ফুট ২ ইঞ্চি হতে হবে। পুরুষ মেধা ও ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটার প্রার্থীর ক্ষেত্রে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩১ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩৩ ইঞ্চি হতে হবে। তবে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তান প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩১ ইঞ্চি হতে হবে। নারী প্রার্থীদের ক্ষেত্রে বুকের মাপের শর্ত প্রযোজ্য নয়। এছাড়া পুরুষ ও নারী উভয় প্রার্থীর ক্ষেত্রেই চোখের দৃষ্টিশক্তি ৬/৬ হতে হবে।
যোগ্য প্রার্থীরা টেলিটকের অফিশিয়াল অনলাইন নিয়োগ পোর্টালে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদন জমা দেওয়ার পর প্রাপ্ত ইউজার আইডি ব্যবহার করে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে প্রিপেইড টেলিটক সিমের মাধ্যমে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে।
পুলিশ সদর দপ্তর জানিয়েছে, পুরো নিয়োগ প্রক্রিয়ায় মেধা, যোগ্যতা ও সম্পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করা হবে। কোনো প্রার্থী আবেদনপত্রে ভুয়া বা অসত্য তথ্য দিলে কিংবা তথ্য গোপন করলে তার প্রার্থিতা বাতিল করা হবে। এমনকি নিয়োগ পাওয়ার পরও তথ্য ভুল প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হতে পারে।
