যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কথা স্বীকার করলেন মাদুরো

আপডেট : ২১ আগস্ট ২০১৯, ২১:২৮

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে গোপনে ভেনিজুয়েলায় চলমান রাজনৈতিক সংকট নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করেছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ট্রাম্প ও মাদুরো মঙ্গলবার বলেছেন, দুই দেশের কর্মকর্তাদের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে।

যুক্তরাষ্ট্র বিশ্বের সেই ৫০টি দেশের একটি, যারা মাদুরোকে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেয় না। দক্ষিণ আমেরিকার এই দেশটি গত কয়েক বছর ধরেই মার্কিন নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে এবং গত কয়েক মাসে এই নিষেধাজ্ঞা আরো কঠোর করা হয়েছে। এরকম পরিস্থিতিতেই ট্রাম্প প্রশাসনের সঙ্গে মাদুরোর আলোচনার কথা প্রকাশ পেল।

রেডিও ও টেলিভিশনে সমপ্রচারিত এক বার্তায় এসব আলোচনার কথা নিশ্চিত করে মাদুরো বলেন, ‘কয়েক মাস ধরে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ও বলিভারিয়ান সরকারের সিনিয়র কর্মকর্তাদের মধ্যে যোগাযোগ চলছে। মাদুরো বলেন, ‘যত দ্রুত সম্ভব আমি ভেনিজুয়েলায় সংলাপ চাচ্ছি। আমি এমন একটি পথ খুঁজে বের করার চেষ্টা করছি যেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকৃতপক্ষে ভেনিজুয়েলার কথা শুনতে পারেন।’

অপরদিকে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমরা এক ধরনের আলোচনার মধ্যেই রয়েছি। আমরা ভেনিজুয়েলার বিভিন্ন প্রতিনিধির সঙ্গে আলোচনা করে যাচ্ছি।’ এসব আলোচনায় অংশ নেওয়া কর্মকর্তাদের নাম উল্লেখ করতে অস্বীকৃতি জানিয়ে তিনি কেবলমাত্র বলেন, ‘আমরা অনেক উচ্চ পর্যায়ে আলোচনা করে যাচ্ছি। ভেনিজুয়েলার বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা এসব আলোচনায় অংশ নিচ্ছে।’

এ মাসের গোড়ার দিকে হুয়ান গুয়াইদোর নেতৃত্বাধীন ভেনিজুয়েলার বিরোধী দলের সঙ্গে নির্ধারিত আলোচনা বাতিল হওয়ায় ওয়াশিংটনকে দায়ী করেছিল মাদুরো। হুয়ান গুয়াইদো হচ্ছেন দেশটির জাতীয় পরিষদের স্পিকার। গত জানুয়ারি মাসে তিনি নিজেকে ভেনিজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দাবি করেন। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের আরো ৫০টির বেশি দেশ ভেনিজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে গুয়াইদোকে স্বীকৃতি দিয়েছে। ভেনিজুয়েলার প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগ করে নতুন করে নির্বাচন অনুষ্ঠানে বিরোধী দলের দাবি মানতে বাধ্য করতে বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করে মাদুরোকে চাপের মুখে রেখেছে যুক্তরাষ্ট্র।