মা ইলিশ সংরক্ষণ অভিযানের সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে ইলিশ শিকারের দায়ে পৃথক দুটি অভিযানে ১৫ জেলেকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযানকালে তিনটি ইঞ্জিনচালিত ট্রলার, প্রায় ৭ হাজার মিটার সাধারণ জাল এবং প্রায় ৫০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। আটক জেলেদের মধ্যে ১৩ জনের বিরুদ্ধে মৎস্য আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং দুজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মাঝিরঘাট নৌ পুলিশ সূত্রে জানা গেছে, মা ইলিশ রক্ষা কার্যক্রম জোরদারের অংশ হিসেবে সোমবার (১২ অক্টোবর) দিনভর পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে নিয়মিত টহল ও অভিযান চালানো হয়। দিনব্যাপী অভিযানে নদীতে অবৈধভাবে ইলিশ শিকারের সময় ১৩ জেলেকে হাতেনাতে আটক করে মাঝিরঘাট নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা। এ সময় তাদের ব্যবহৃত তিনটি ইঞ্জিনচালিত ট্রলার এবং প্রায় ৭ হাজার মিটার জাল জব্দ করা হয়। জব্দকৃত ট্রলারগুলোর বিষয়েও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
অন্যদিকে, নৌ পুলিশ, উপজেলা মৎস্য দপ্তর এবং সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ের যৌথ উদ্যোগে পদ্মা নদীতে আরেকটি বিশেষ অভিযান পরিচালিত হয়। এ অভিযানে দুই জেলেকে আটক করার পাশাপাশি প্রায় ৫০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জাজিরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত আটক দুই জেলের প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। একই সঙ্গে জব্দ করা ৫০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
মাঝিরঘাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ কংকন কুমার বিশ্বাস জানান, দিনব্যাপী অভিযানে আটক ১৩ জেলের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে; যার মধ্যে ১০ জনের বিরুদ্ধে পদ্মা সেতু দক্ষিণ থানায় এবং ৩ জনের বিরুদ্ধে জাজিরা থানায় মামলা নথিভুক্ত করা হয়। এ ছাড়া যৌথ অভিযানের অপর দুই জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। নদীতে মা ইলিশ সংরক্ষণে প্রশাসনের এ ধরনের কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয়ের ওপর সর্বাত্মক নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে।
