জয়পুরহাটের পাঁচবিবি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের পাঁচবিবি উপজেলা সংবাদদাতা সিনিয়র সাংবাদিক দিলদার হোসেন ইন্তেকাল করেছেন।
সোমবার (১২ অক্টোবর) বিকেল ৪টার দিকে নবাবগঞ্জ উপজেলার ইশ্বরপুর গ্রামে তার শ্বশুরবাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি দীর্ঘদিন ধরে কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, একমাত্র মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি পাঁচবিবি পৌরসভার টিঅ্যান্ডটি পাড়া মহল্লার মৃত আহম্মদ আলীর ছেলে।
মরহুম দিলদার হোসেন পাঁচবিবি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি দীর্ঘদিন সততা ও নিষ্ঠার সঙ্গে দৈনিক ইত্তেফাক ও ডেইলি নিউ নেশন পত্রিকার পাঁচবিবি উপজেলা সংবাদদাতা হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া পাঁচবিবি থেকে প্রকাশিত সাপ্তাহিক বালিঘাটা পত্রিকার প্রকাশক ও সম্পাদকের দায়িত্বও পালন করেন তিনি।
সাংবাদিকতা জীবনে তার লেখনীর মাধ্যমে তিনি পাঁচবিবির আর্থ-সামাজিক উন্নয়ন এবং মানুষের দুঃখ-দুর্দশার চিত্র তুলে ধরেছেন। তিনি অত্যন্ত অমায়িক ও সদালাপী মানুষ হিসেবে পরিচিত ছিলেন।
তার মৃত্যুতে পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি আজাদ আলী, সাধারণ সম্পাদক সজল কুমার দাস, সাবেক সভাপতি আব্দুল হাই ও আব্দুল হালিম সাবু, পৌর প্রেসক্লাবের সভাপতি প্রভাষক আহসান হাবিবসহ ক্লাবের সদস্যরা গভীর শোক প্রকাশ করেছেন। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
সোমবার রাতে জানাজা শেষে তার শ্বশুরবাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
