পেরুতে ৩ হাজার ৮০০ বছরের পুরোনো দেওয়ালচিত্র উন্মোচন

আপডেট : ২১ আগস্ট ২০১৯, ২১:৩০

পেরুতে প্রায় ৩ হাজার ৮০০ বছর আগের একটি দেওয়ালচিত্র উন্মোচন করেছেন প্রত্নতাত্ত্বিকরা। সোমবার এ দেওয়ালচিত্র উন্মোচন করা হয়। রাজধানী লিমার উত্তরে ভিচামা সাইটে একটি সরকারি ভবনের ভেতর দেওয়ালচিত্রটি খুঁজে পাওয়া যায়।

ভবনটিতে সরকারি নানা অনুষ্ঠান আয়োজন করা হতো। সেখানে আরো বেশকিছু প্রাচীন দেওয়ালচিত্র পাওয়া গেছে। যার মধ্যে মানুষের মতো দেখতে ব্যাঙ এবং মানুষকে উপস্থাপন করা হয়েছে। কারাল আর্কিওলজিক জোনের পরিচালক ড. রুথ শ্যাডি সলিসের বিশ্বাস, ঐসব দেয়ালচিত্রে বৃষ্টি থেকে ‘পানি আসার’ ঘটনা বর্ণনা করা হয়েছে। তিনি বলেন, আন্দীয় সভ্যতায় ব্যাঙ ছিল পানির প্রতীক। ‘দেয়ালচিত্রে ব্যাঙের মতো দেখতে মুখের নিচে মানুষের যে মুখ দেখা যাচ্ছে সেটার অর্থ প্রাণের ধারা বজায় রাখতে ?মানুষ বৃষ্টির অপেক্ষা করছে।’ কাছেই পাওয়া অন্য একটি দেয়ালচিত্রে চারটি মানুষের মাথা দেখা যায়। যাদের অসংখ্য সাপ ঘিরে রেখেছে। সেখানে একটিমাত্র মুখে একটি বীজ দেখা যাচ্ছে। গবেষকরা বলেন, ঐ ভাস্কর্যে খুব সম্ভবত অভাব ও দুর্ভিক্ষের সময়ে কথা বলা হচ্ছে। সেখানে আরেক গবেষক তাতিয়ানা আবেদ বলেন, ঐ দেয়ালচিত্রগুলো সেখানে মানুষের অস্তিত্বের ‘সংকটের’ সময়ের কথা বলছে।

রাজধানী লিমা থেকে ১৫০ কিলোমিটার উত্তরে ভিচামা সাইট হুয়াউরা প্রদেশের অন্তর্গত। ২০০৭ সাল থেকে সেখানে খোদাইকাজ শুরু হয়। বিশেষজ্ঞদের বিশ্বাস, সেখানকার প্রাচীন বাসিন্দারা কৃষিজীবী এবং মত্স্যজীবী ছিলেন। কারাল সভ্যতার লোকজন যেসব জায়গায় বসবাস করত সেগুলোর অন্যতম গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র ছিল ভিচামা সাইট। প্রায় ৫ হাজার বছর আগে কারাল সভ্যতা গড়ে ওঠে। ‘সিক্রেট সিটি অব কারাল’ পেরুর বারানকা প্রদেশে অবস্থিত। কারাল সভ্যতাকে এখন পর্যন্ত সন্ধান পাওয়া আমেরিকার সবচেয়ে প্রাচীন সভ্যতা বলে বিশ্বাস করা হয়।