চলতি বছরে আমাজন বনাঞ্চলে রেকর্ডসংখ্যক অগ্নিকাণ্ড

আপডেট : ২১ আগস্ট ২০১৯, ২১:৩০

ব্রাজিলের মহাকাশ গবেষণা সংস্থা চলতি বছরের প্রথম আট মাসেই আমাজন বনাঞ্চলে রেকর্ডসংখ্যক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে। দেশটির দ্য ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্পেস রিসার্চ (ইনপে) জানিয়েছে, উপগ্রহের তথ্যে গত বছর একই সময়ের তুলনায় এ বছর ৮৩ শতাংশ বেশি আগুন লাগার চিত্র দেখা গেছে।

বন উজাড়ের তথ্য নিয়ে বিতর্কের জেরে ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনেরো এ মহাকাশ গবেষণা সংস্থাটির শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত করার এক সপ্তাহ পর আমাজন বনাঞ্চল নিয়ে এ উদ্বেগজনক খবর এলো। চিরহরিত্ এ বনের আগুন থেকে আসা ধোঁয়ার কারণে সোমবার সাও পাওলো শহরে দিনের বেলায়ই অন্ধকার নেমে এসেছিল বলে বিবিসি জানিয়েছে।

আমাজোনাস ও রোনডোনিয়া রাজ্যের বনাঞ্চলে লাগা আগুনের ধোঁয়া ২ হাজার ৭০০ কিলোমিটারেরও বেশি দূরত্ব অতিক্রম করে সাও পাওলোতে এলে সোমবার বিকাল ৩টার পর থেকে ঘণ্টাখানেক শহরটি অন্ধকারে ডুবে ছিল।

বিশ্বের সবচেয়ে বড়ো চিরহরিত্ বনাঞ্চল আমাজন বিপুল পরিমাণ কার্বন জমা রেখে বৈশ্বিক উষ্ণতার গতিকে খানিকটা শ্লথ রেখেছে। ব্রাজিলের কট্টরপন্থি প্রেসিডেন্ট বোলসোনেরো কাঠুরে ও কৃষকদের বনটি উজাড়ে উত্সাহ দিচ্ছেন বলে পরিবেশ সংরক্ষণবাদীরা অভিযোগ করেছেন।

বিবিসি বলছে, ব্রাজিলে শুষ্ক মৌসুমে দাবানল স্বাভাবিক হলেও গবাদি পশুর চারণভূমি সৃষ্টি করতে আমাজনের অনেক এলাকায় ইচ্ছা করেও আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটে। ইনপে চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ৭২ হাজারেরও বেশি অগ্নিকাণ্ড শনাক্ত করার কথা জানিয়েছে। ২০১৩ সালে আমাজনের অগ্নিকাণ্ডের রেকর্ড রাখা শুরু হওয়ার পর থেকে এটাই সর্বোচ্চ। ২০১৮ সালে হওয়া অগ্নিকাণ্ডের সংখ্যা ছিল ৪০ হাজারেরও কম।