ভারতের উত্তরাখণ্ড রাজ্যে ত্রাণসামগ্রী বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিন জন নিহত হয়েছেন। হেলিকপ্টারটি বৈদ্যুতিক লাইনে আঘাত করার পর বিধ্বস্ত হয় বলে প্রত্যক্ষদর্শীদের বরাতে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
বুধবার রাজ্যটির উত্তরকাশী জেলায় ঘটনাটি ঘটেছে। বেসরকারি হেলিকপ্টারটি ঐ এলাকার বন্যাদুর্গতদের জন্য ত্রাণ নিয়ে যাচ্ছিল। সেখানে ত্রাণ কাজে নিয়োজিত ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের সদস্যরা হেলিকপ্টারটিকে বিধ্বস্ত হতে দেখে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজ শুরু করে। ত্রাণসামগ্রীগুলো উত্তরকাশীর মোরি থেকে মোলদিতে নিয়ে যাওয়া হচ্ছিল। গত কয়েকদিনে ভারী বৃষ্টিপাতের কারণে উত্তরাখণ্ডের কয়েকটি অংশে বন্যার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। রাজ্যজুড়ে ৩৫ জনের মৃত্যুর পাশাপাশি বিভিন্ন জায়গায় বহু লোক আটকা পড়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত উত্তরকাশী জেলায় অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে।
উত্তরাখণ্ডের পাশাপাশি উত্তর ভারতের হিমাচল প্রদেশ, পাঞ্জাব ও হরিয়ানায়ও ভারী বৃষ্টিপাতের কারণে বন্যা দেখা দিয়েছে। প্রবল বৃষ্টির সময় ভূমিধসে হিমাচলে ৪৩ জনের মৃত্যু হয়।
