আবাহনী প্রথম বাংলাদেশী দল হিসেবে এএফসি কাপের নকআউট পর্বে নাম লিখিয়ে আগেই ইতিহাস রচনা করে রেখেছিল। গতকাল বুধবার এপ্রিল টোয়েন্টি ফাইভ-এর বিপক্ষে রোমাঞ্চকর এক জয় নিয়ে প্রথম দল হিসেবে নকআউট ম্যাচ জয়ের কীর্তিও গড়ল তারা। এএফসি কাপের জোনাল সেমিফাইনালে কোরীয় দলটিকে ৪-৩ গোলে হারিয়েছে মারিও লেমোসের শিষ্যরা। গোল করেন সানডে চিজোবা (দুটি), সোহেল রানা ও নাবীব নেওয়াজ জীবন।
নিজেদের মাঠে শেষ দুই বছরে কোনো হার নেই প্রতিপক্ষ দলটির। এমনকি এএফসি কাপের চলতি আসরে নিজেদের মাঠে হজম করেনি একটি গোলও। জোনাল সেমিফাইনালের বৈতরণী পার হতে তাই কোরীয়দের বিরুদ্ধে বঙ্গবন্ধু স্টেডিয়ামেই জয় পেতে হত আবাহনীকে। এমন ভাবনা থেকেই কিছুটা আক্রমণাত্মক ছকে দল নামিয়েছিলেন আবাহনী কোচ মারিও লেমোস।
কোচের আক্রমণাত্মক কৌশল দারুণ কাজেও দিয়েছিল। মূহুর্মূহু প্রতিআক্রমণে দারুণ ব্যতিব্যস্ত রাখছিল এপ্রিল টোয়েন্টি ফাইভ রক্ষণকে। ৩৩ মিনিটে সোহেল রানার সুবাদে এগিয়ে যায় আবাহনী। বক্সের বাইরে পাওয়া নাবিব নওয়াজ জীবনের ব্যাকপাস থেকে দারুণ এক দূরপাল্লার শটে গোলটি করেন তিনি। তবে এরপরের মিনিটেই প্রায় একই ঢংয়ে ম্যাচে ফেরে সফরকারীরা। গোলটি চো জং হিয়কের পা থেকে।
৩৮তম মিনিটে রায়হানের বাড়ানো বল সফরকারীদের রক্ষণ দেয়াল ভেঙে পড়ে ফরোয়ার্ড জীবনের পায়ে। গেলো লিগ মৌসুমে ১৭ গোল করা এই ফরোয়ার্ড গোলরক্ষককে একা পেয়ে যাওয়ার সুযোগ কাজে লাগাতে ভুল করেননি। ম্যাচে দ্বিতীয়বারের মতো এগিয়ে যায় মারিও লেমোসের শিষ্যরা। এই ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় আবাহনী। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই প্রত্যাবর্তনের মন্ত্রে উজ্জীবিত এপ্রিল মুহুর্মুহু আক্রমণ সাজাতে থাকে। তারই সুবাদে ৫৪তম মিনিটে সমতাসূচক গোলটি করেন অধিনায়ক রিম চল মিন। তবে আবারও এগিয়ে যেতে ২ মিনিটের বেশি সময় নেয়নি স্বাগতিক আবাহনী। ৫৬ মিনিটে টুটুল হোসেন বাদশার বাড়ানো দারুণ লম্বা বল নিয়ন্ত্রণে এনে গোলটি করেন সানডে চিজোবা। এর মিনিট ছয়েক পর বেলফোর্টের বুদ্ধিদীপ্ত পাস আবারও খুঁজে পায় সানডেকে। নিজের দ্বিতীয় এবং দলীয় চতুর্থ গোলটি করেন নাইজেরীয় এই ফরোয়ার্ড।
৭৭ মিনিটে ব্যবধান কমায় সফরকারী এপ্রিল টোয়েন্টি ফাইভ। চো জং হিয়কের ক্রসে মাথা ছুঁইয়ে গোলটি করেন পাক সং রক। এরপরের ১৩ মিনিটে আরও বহুবার আবাহনী রক্ষণে হানা দিয়েছে কোরীয় অতিথিরা।
তবে রক্ষণভাগের দারুণ নৈপুণ্যে ৪-৩ গোলের জয় নিয়েই মাঠ ছাড়েন সানডে-বেলফোর্টরা। এরফলে এক গোলের অগ্রগামিতা নিয়েই জোনাল সেমিফাইনালের ফিরতি লেগে পা রাখল আবাহনী। পিয়ং ইয়ংয়ে আগামি ২৮ আগস্ট অনুষ্ঠিত হবে ম্যাচটি।
