স্মিথহীন অস্ট্রেলিয়ার পরীক্ষা

আপডেট : ২১ আগস্ট ২০১৯, ২১:৪০

টেস্ট র্যাংকিংয়ের দুই নম্বর ব্যাটসম্যান তিনি। শেষ যে তিনটা ইনিংস খেলেছেন তার দুটোতেই সেঞ্চুরি। একটাতে ৯২ রান। সব মিলিয়ে রান ৩৭৮। এমন একজন ব্যাটসম্যানের অভাব অপূরণীয়ই। আজ থেকে শুরু হতে যাওয়া হেডিংলি টেস্টে স্টিভেন স্মিথের অভাব পূরণটাই বিরাট এক চ্যালেঞ্জ হবে সফরকারী অস্ট্রেলিয়া দলের জন্য।

 কোচ জাস্টিন ল্যাঙ্গারও স্মিথকে ‘মিস’ করবেন। তিনি অবশ্য দলের বাকি ব্যাটসম্যানদের ওপরে আস্থা রাখছেন। তিনি বলেন, ‘আমরা দেশের সেরা খেলোয়াড়দেরকেই বেছে নিয়ে এসেছি। ফলে ওদের একটা প্রভাব ম্যাচে থাকতে বাধ্য। হ্যাঁ এটা ঠিক যে, স্মিথ এই মুহূর্তে হয়তো বিশ্বের সেরা ব্যাটসম্যান। তবে আমাদের এটা নিশ্চিত করতে হবে যে, ওর অভাবটা যেন কোনোভাবেই ম্যাচে খুব বেশি প্রকট না হয়। জুনিয়র কিংবা সিনিয়র—সবাইকেই দায়িত্ব নিয়ে খেলতে হবে।’

লর্ডস টেস্টের পঞ্চম দিন মাঠেই নামা হয়নি সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথের। এর আগে চতুর্থ দিনে সেঞ্চুরির পথেই হাঁটছিলেন তিনি। কিন্তু পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল ইংলিশ পেসার জোফরা আর্চারের একটা মারাত্মক বাউন্সার। সেই আঘাতে স্মিথ যখন মাটিতে লুটিয়ে পড়েছিলেন তখন রান ৮০। ফিরে এসেছিল অকালে পরপারে পাড়ি জমানো ফিলিপ হিউজের স্মৃতিও। ঘটনাটি ঘটে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ৭৭তম ওভারে। স্মিথ অবশ্য ড্রেসিংরুমে ফিরে শুশ্রূষা নিয়ে ফিরেছেন। শেষ অবধি সেঞ্চুরির দেখা পাননি তিনি। আউট হওয়ার আগে করেন ৯২ রান। ১৬১ বলের লড়াকু এই ইনিংসে ছিল ১৪টি চার। যদিও ডাক্তারের পরামর্শে টেস্টের বাকিটা সময় তিনি অনুপস্থিত ছিলেন। বিকল্প খেলোয়াড় হিসেবে খেলেন মার্নাস লাবুশেন। এখানেই শেষ নয়, গত মঙ্গলবার সকালে জানা যায়, হেডিংলি টেস্টেই খেলতে পারবেন না স্মিথ।

স্মিথ অবশ্য দলের সঙ্গেই আছেন। হেডিংলিতে দলের সঙ্গে থাকলেও আপাতত অনুশীলনে দেখা যাচ্ছে না তাকে। কোচ ল্যাঙ্গার বলেন, ‘আমি পুরো দলের সঙ্গে কথা বলেছি। ওদের মানসিকভাবে প্রস্তুত করে তুলেছি। এমন বিপদ খেলাধুলার মাঠে আসবেই। এখানে কারো জন্যই কিছু থেমে থাকে না। ফলে আমাদের এমন পরিস্থিতিতে নিজেদের ঠিক রাখাটা জরুরি। আমরা আশাবাদী ও আত্মবিশ্বাসী।’ বার্মিংহ্যামের প্রথম টেস্টটায় ২৫১ রানের বড় ব্যবধানে জিতেছিল অস্ট্রেলিয়া। এরফলে দুই ম্যাচ শেষে এখন টিম পেইনের অস্ট্রেলিয়া দল ১-০ ব্যবধানে এগিয়ে আছে।