বরুশিয়া ডর্টমুন্ডের ইংল্যান্ড উইঙ্গার জ্যাডোন সানছো বুন্দেশলিগার ক্লাবটির সঙ্গে সপ্তাহে ১ লাখ ৯০ হাজার পাউন্ডে নতুন চুক্তি করেছেন। এর মধ্যে আছে বোনাসও। ১৯ বছরের এই ফুটবলারকে গ্রীষ্মকালীন ক্লাব বদলের সময় দলে ভেড়াতে চেয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেডও। গেল মৌসুমে জ্যাডন ১৩ গোল করেছিলেন। তার দল বরুশিয়া গেলবার বায়ার্ন মিউনিখের পেছনে থেকে রানার্সআপ হয়েছিল। খেলোয়াড়টি গত শনিবার জার্মান লিগে নিজেদের প্রথম খেলায় অগসবুর্গের বিরুদ্ধে ৫-১ ব্যবধানের জয়েও গোল করেছেন। ম্যানচেস্টার সিটি থেকে ২০১৭ সালে জার্মানিতে পাড়ি জমানো এই ফুটবলার আগের চুক্তি অনুযায়ী ২০২২ সাল পর্যন্ত বরুশিয়ায় থাকার কথা। ২০১৮ সালে ইংল্যান্ডের হয়ে অভিষেকের পর এ পর্যন্ত ছয় ম্যাচ খেলেছেন তিনি।
