রংপুরের পীরগঞ্জ পৌরসভার নির্মাণাধীন ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও তিনজন শ্রমিক আহত হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে পীরগঞ্জ উপজেলা সদরের আরাজী গঙ্গারামপুর ওয়ার্ডে পৌরসভার নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই ভবনের নির্মাণশ্রমিক গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার আছাদুল ও রংপুর মহানগর এলাকার শিহাব উদ্দিন। আহতদের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে পীরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার নাজমুল সরকার জানান, পৌরসভার নির্মাণাধীন ব্লিডিংটিতে সকাল থেকে ১৩ জন শ্রমিক বারান্নার ছাদের নির্মাণ কাজ করছিলেন। হঠাৎ সাটারিং ভেঙে নিচে চাপা পড়েন ৫ শ্রমিক। এ সময় পীরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আসাদুল ও শিহাবের মরদেহ উদ্ধার করে। বাকি আহত তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকী উল বারি জানান, ঘটনার সঙ্গে সঙ্গে পুলিশ ও ফায়ার সার্ভিস স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার কাজ চালায়। হতাহতদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।
