শিক্ষার্থীদের অংশগ্রহণে সড়ক নিরাপত্তা বিষয়ে বিআরটিএ’র সচেতনতামূলক কর্মশালা

আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ২১:৩৪

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিআরটিএ ঢাকা মেট্রো-৩ সার্কেলের আয়োজনে শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তা ও সচেতনতা বাড়াতে রাজউক উওরা মডেল কলেজে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

কর্মশালায় শিক্ষার্থীদের নিরাপদে রাস্তা পারাপারের নিয়ম, ফুটপাত ও জেব্রা ক্রসিংয়ের যথাযথ ব্যবহার, গণপরিবহণে যাত্রী হিসেবে করণীয়, চালক ও পথচারীদের দায়িত্ব ও কর্তব্য, যাত্রী হিসেবে করণীয় এবং পথচারী হিসেবে পালনীয় বিষয়গুলো তুলে ধরা হয়। সড়ক দুর্ঘটনা কমাতে শুধু চালক নয়, পথচারী ও যাত্রীদেরও দায়িত্বশীল হওয়া, ট্রাফিক আইন মেনে চলা এবং সড়কে সকলের দায়িত্বশীল আচরণের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি সড়কের নিরাপদ নকশা ও ব্যবস্থাপনা, ট্রাফিক আইন বাস্তবায়ন এবং সড়ক ব্যবহারকারীদের পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সচেতনতার মাধ্যমে দুর্ঘটনা হ্রাসের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

কর্মশালায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তাবিষয়ক জ্ঞান, সচেতনতা ও দায়িত্ববোধ বিকাশের মাধ্যমে দুর্ঘটনা প্রতিরোধে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা এবং সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টায় গড়ে উঠবে নিরাপদ সড়ক। 

এছাড়াও শিক্ষার্থীরা নিরাপদ সড়ক বিষয়ে তাদের ভাবনা উক্ত কর্মশালায় উপস্থাপন করেন বক্তারা। পাশাপাশি বিআরটিএ'র পক্ষ হতে বিভিন্ন সচেতনতামূলক লিফলেট বিতরণ ও ভিডিও প্রদর্শন করা হয়।

কর্মশালায় উপস্থিত ছিলেন- রাজউক উত্তরা মডেল কলেজের অধ্যক্ষ  ব্রিগে. জেনারেল মোহাম্মদ আলী রেজা, মো. মাসুদ আলম পরিচালক (ইঞ্জি.) বিআরটিএ, ঢাকা বিভাগ, মো. রুবেল হক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ট্রাফিক উওরা বিভাগ, ডিএমপি ঢাকা, মঈনুল ইসলাম সহকারী পরিচালক (ইঞ্জি.)বিআরটিএ ঢাকা মেট্রো-৩, মো. হাফিজুল ইসলাম খান, মোটরযান পরিদর্শক বিআরটিএ ঢাকা মেট্রো-৩,  মো. মাইনুল হোসেন ম্যানেজার রোড সেফটি প্রোগ্রাম (ব্রাক)। 

ইত্তেফাক/এনএ