বাংলাদেশের বয়সভিত্তিক সবগুলো দলকেই দারুণ ব্যস্ততার মধ্যে রাখতে চাইছে বিসিবি। তারই অংশ হিসেবে এখন হাই পারফরমেন্স ইউনিটের হয়ে শ্রীলঙ্কার বিপক্ষে লড়ছে অনূর্ধ্ব-২৩ খেলোয়াড়রা। সেই দলটি আগামী মাসে যাচ্ছে ভারত সফরে। এই সফরে রায়পুরে পাঁচটি ওয়ানডে খেলবে বাংলাদেশ দল।
১৭ সেপ্টেম্বর ভারতের উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। সেখানে ভারতীয় অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ খেলবে তারা। পাঁচটি ম্যাচই অনুষ্ঠিত হবে ছত্তিশগড়ের রাজধানী রায়পুরে। ১৯, ২১, ২৩, ২৫ ও ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এই পাঁচটি ম্যাচ।
ইতিমধ্যে এই সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা হয়ে গেছে। তবে বাংলাদেশ দল ঘোষণা হয়নি। শ্রীলঙ্কার বিপক্ষে এইচপির সিরিজ শেষে দল ঘোষণা করা হবে। মোটামুটি এই দলই ভারতে যাবে বলে বিসিবি সূত্রে জানা গেল।
