স্থাপনাশিল্পে রক্তাক্ত একুশে আগস্ট

আপডেট : ২১ আগস্ট ২০১৯, ২২:০৯

মাটিতে ছড়িয়ে রয়েছে অসংখ্য স্যান্ডেল, রক্তমাখা জামা, লাল রক্তে ভেসে গেছে চারপাশ। একদিকে রক্তমাখা কাপড়, জুতার পাটির স্তূপ। অডিওতে ভেসে আসছে শেখ হাসিনার ভাষণ আর তারপর গ্রেনেডের বিকট শব্দ। ছুটে আসা অ্যাম্বুলেন্স, প্রাণ বাঁচাতে ছুটে চলা মানুষের আর্তনাদ আর স্বেচ্ছাসেবকদের আকুতি—শিল্পকলা একাডেমির খোলা প্রাঙ্গণ যেন হয়ে উঠল ২০০৪ সালের ২১ আগস্টের সেই বিকালবেলা। সেই নারকীয় হত্যাযজ্ঞ ফিরে এলো দর্শকদের সামনে।

২১ আগস্টের সেই ভয়াবহতা চোখের সামনে উঠে এলো এক নিমেষে। লাশ, রক্ত, ভয়াবহতা সব একসঙ্গে এসে আঘাত করে মনে, মগজে। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ২১ আগস্টের নারকীয় বোমা হামলার ঘটনা স্মরণে শিল্পকলা একাডেমি আয়োজন করেছে স্থাপনাশিল্প প্রদর্শনী ‘আগস্ট একুশ’। শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর পরিকল্পনায় স্থাপনাশিল্পের কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন শিল্পী ও অধ্যাপক শাহ্জাহান আহমেদ বিকাশ। এই স্থাপনাশিল্প প্রদর্শনীতে উঠে এসেছে ভয়াল হত্যাযজ্ঞের নির্মম চিত্রটি। স্থাপনা প্রদর্শনীতে অংশ নেন প্রায় ৫১ জন শিল্পী।

গতকাল বুধবার শিল্পকলা একাডেমির ভার্স্কয গ্যালারিতে প্রদর্শনীর উদ্বোধন করেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। তত্কালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাণনাশের ‘ঘৃণ্য প্রয়াসের’ বিরুদ্ধে এই স্থাপনাশিল্পের মাধ্যমে শিল্পীরা প্রতিবাদ জানালেন। একইসঙ্গে মৌলবাদী-সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে মানবতাবাদীদের রুখে দাঁড়ানোর আহ্বানও ধ্বনিত হয়েছে এই প্রদর্শনীতে।