আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার পেপারবুক তৈরির কাজ শুরু হয়েছে এবং দুই থেকে চার মাসের মধ্যে এটি শেষ হবে। আমরা চেষ্টা করছি দ্রুত মামলাটির শুনানি শুরু করার। গতকাল বুধবার সচিবালয়ে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সাজাপ্রাপ্ত আসামি তারেক রহমানসহ সকল আসামিকে ফিরিয়ে আনার বিষয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
আইনমন্ত্রী বলেন, তারেক রহমানসহ সাজাপ্রাপ্ত সকল পলাতক আসামিকে ফিরিয়ে আনতে সরকার কাজ করে যাচ্ছে। তবে এ পথে কিছুটা জটিলতা ছিল, আজও আছে, সেটাও সমাধানের চেষ্টা করছি। আমরা আশা করি, পলাতক আসামিদেরকে ফিরিয়ে এনে এই রায় কার্যকর করা আমাদের পক্ষে সম্ভব। তিনি বলেন, গ্রেনেড হামলা করে যাদেরকে নির্মমভাবে হত্যা করেছে, যারা বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো হত্যা করতে চেয়েছিল তাদেরকে সাজা দেওয়ার ব্যাপারে আদালতকে সহযোগিতা করা আমাদের দায়িত্ব। আমরা সেই দায়িত্ব পালন করবো।
