কিশোরগঞ্জে জামাতার ছুরিকাঘাতে শাশুড়ি খুন হয়েছেন। গতকাল বুধবার সদর উপজেলার দানাপাটুলি গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসী ঘাতক হাবীবুল ইসলাম রনিকে (২৭) হত্যাকাণ্ডে ব্যবহূত ছুরিসহ আটক করে পুলিশে সোপর্দ করে।
পুলিশ ও নিহতের আত্মীয়-স্বজনরা জানান, বছর চারেক আগে দানাপাটুলি গ্রামের সৌদিপ্রবাসী সায়েমউদ্দিনের কন্যা অরুণা আক্তারের সঙ্গে পার্শ্ববর্তী মনোহরপুর গ্রামের হাবীবুল ইসলাম রনির বিয়ে হয়। পারিবারিক কলহের কারণে অরুণা আক্তার শিশুপুত্র আনন্দকে নিয়ে বেশ কিছুদিন ধরে বাবার বাড়িতে অবস্থান করছিলেন। রনি বেশ কয়েকবার শ্বশুরবাড়িতে এসে স্ত্রী ও শিশুপুত্রকে নিয়ে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হন। গত মঙ্গলবার বিকালেও শাশুড়ি ও স্ত্রীর সঙ্গে এ নিয়ে রনির কথা কাটাকাটি হয়। গতকাল শিশুপুত্রকে বাড়ির সামনে খেলা করতে দেখে তাকে কোলে তুলে নিয়ে যাওয়ার সময় শাশুড়ি হালিমা খাতুন (৪৫) রনিকে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে রনি তার শাশুড়িকে ছুরিকাঘাত করেন। চিত্কার শুনে বাড়ির লোকজন এগিয়ে এসে হালিমা খাতুনকে উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
