অবশেষে ভ্যান চালকের বিচ্ছিন্ন মাথা উদ্ধার

আপডেট : ২১ আগস্ট ২০১৯, ২২:১৪

খুলনার ভ্যান চালক রাশিদুল ইসলামের মস্তকবিহীন লাশ উদ্ধারের একদিন পর তার বিচ্ছিন্ন মাথাটি উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার বটিয়াঘাটা উপজেলার আমিরপুর ইউনিয়নের নিজগ্রামের একটি গর্ত থেকে পুলিশ তার মাথা উদ্ধার করে। হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার সন্দেহে রবিউল সরদার নামে এক যুবককে আটক করা হয়েছে। রবিউলের স্বীকারোক্তি অনুযায়ী তার ঘর থেকে একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে। রবিউল নিজগ্রামের মোমিন সরদারের ছেলে।

পুলিশ জানায়, সোমবার রাশিদুল বাড়ি থেকে ইঞ্জিন ভ্যান নিয়ে বের হয়। রাতে সে আর বাড়ি ফেরেনি। মঙ্গলবার স্থানীয়দের তথ্যের ভিত্তিতে আমিরপুর ইউনিয়নের নিজগ্রামের একটি পুকুর পাড়ের বাগানের ভেতরের পানি ভর্তি একটি গর্ত থেকে তার মস্তকবিহীন লাশ উদ্ধার করা হয়। তবে আশপাশে খুঁজেও তার মাথা পাওয়া যায়নি। গতকাল একটি গর্তে রাশিদুলের মাথা পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ মাথাটি উদ্ধার করে।