চালের ড্রামে কোটি টাকার ইয়াবা, ভাটারায় মা-ছেলে গ্রেপ্তার

আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ০২:৫৯

ঢাকার ভাটারায় একটি ফ্ল্যাটে চালের ড্রামের ভেতর লুকিয়ে রাখা ৩৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় মালা বেগম (৬২) ও তার ছেলে মামুন চোকদারকে (৩৬) গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য ১ কোটি ২ লাখ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে সাহিদা বেগম ইতি (৪৮) নামে আরেক নারীকে এ ঘটনায় অভিযুক্ত করা হয়েছে। তবে তাকে গ্রেপ্তার করা যায়নি।

ডিএনসির ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের উপপরিচালক মো. আনোয়ার হোসেন জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে ভাটারা থানার ছোলমাইদ এলাকার ঢালিবাড়ী কাঁচাবাজারসংলগ্ন একটি পাঁচতলা ভবনের নিচতলার ফ্ল্যাটে এ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি ও ঢাকা মহানগর পুলিশের সমন্বয়ে গঠিত একটি দল অভিযান পরিচালনা করে ।

একপর্যায়ে ঘরের পশ্চিম পাশের কক্ষে রাখা চালের ড্রামের ভেতর থেকে কফি রঙের কাপড়ের একটি ব্যাগ উদ্ধার করা হয় । ব্যাগটির মধ্যে কাগজ ও স্কচটেপে মোড়ানো ১৭টি প্যাকেট ছিল । এসব প্যাকেট থেকে মোট ৩৪ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। উদ্ধার করা মাদকের ওজন ৩ দশমিক ৪০ কেজি।ভ

অভিযান শেষে ঘটনাস্থল থেকে মালা বেগম ও তার ছেলে মামুন চোকদারকে গ্রেপ্তার করা হয়। একই ঘটনায় সাহিদা বেগম ইতিকে আসামি করা হয়েছে। অধিদপ্তরের ভাষ্য অনুযায়ী, অভিযানের সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন না। পরে তাকে গ্রেপ্তারে চেষ্টা করা হলেও তিনি পলাতক রয়েছেন ।

ডিএনসির কর্মকর্তারা জানান, গ্রেপ্তার মা- ছেলেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী, উদ্ধার করা ইয়াবার প্রকৃত মালিক সাহিদা বেগম ইতি । অভিযোগ রয়েছে, তিনি কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে মালা বেগমের বাসায় মজুত রাখতেন। পরে সেখান থেকে গাজীপুরের কোনাবাড়ী, সাইনবোর্ড এবং টাঙ্গাইলের ভূঞাপুরসহ বিভিন্ন এলাকায় এসব ইয়াবা সরবরাহ করা হতো। এ ঘটনায় গ্রেপ্তার দুজন ও পলাতক সাহিদা বেগম ইতির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ভাটারা থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে অধিদপ্তর।

ইত্তেফাক/এনএন