ইলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংকের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির কর্তৃপক্ষ স্টারলিংককে ‘যুদ্ধের হাতিয়ার’ হিসেবে উল্লেখ করে অভিযোগ করেছে, শত্রুপক্ষ গুপ্তচরবৃত্তি ও সামরিক অভিযানে এই সেবা ব্যবহার করছে।
ইরানের সুপ্রিম ন্যাশনাল সাইবারস্পেস কাউন্সিলের সচিব মোহাম্মদ আমিন আগামি বলেছেন, স্টারলিংকের সংযোগ ব্যাহত করার মতো একাধিক ব্যবস্থা দেশটির কর্তৃপক্ষের হাতে রয়েছে। তার দাবি, শত্রুপক্ষ সামরিক নির্দেশনা দেওয়া, গুপ্তচরবৃত্তি এবং তথ্য সংগ্রহের কাজে এই সেবা ব্যবহার করছে।
ইরানে স্টারলিংক ব্যবহার করা বা নিজের কাছে রাখার দায়ে ছয় মাস থেকে দুই বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে। অন্যদিকে, স্টারলিংকের যন্ত্রাংশ আমদানি বা বিতরণের ক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে।
চলতি বছর দেশটিতে দুই দফায় দীর্ঘ সময়ের জন্য ইন্টারনেট সংযোগ বন্ধ রাখা হয়েছে। ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর টানা ৮৮ দিন ইন্টারনেট সংযোগ বন্ধ ছিল।
সরকারি সেন্সরশিপ এড়িয়ে যোগাযোগের জন্য ইরানে স্যাটেলাইট ইন্টারনেটের ওপর নির্ভরতা বাড়ছে। তবে যুদ্ধ আরও তীব্র হলে ইন্টারনেট ব্যবহারে নতুন বিধিনিষেধ আরোপ করা হতে পারে বলে সতর্ক করেছেন দেশটির কর্মকর্তারা।
সূত্র: আলজাজিরা
