২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরায়েল

আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ১১:১১

অধিকৃত ফিলিস্তিনে ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ২ হাজারেরও বেশি ফিলিস্তিনি শিশুকে ইসরায়েলি বাহিনী আটক করেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আল জাজিরার এক প্রতিবেদনে ফিলিস্তিনি বন্দি বিষয়ক সংস্থা 'ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটি'র বরাতে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

মানবাধিকার সংস্থাটির প্রতিবেদনে জানানো হয়েছে, বর্তমানে অন্তত ৩৫০ জন ফিলিস্তিনি শিশু ইসরায়েলের বিভিন্ন কারাগারে চরম নির্মম পরিস্থিতির মুখোমুখি রয়েছে। গত মঙ্গলবারও অধিকৃত পশ্চিম তীরের হেব্রন থেকে অন্তত ছয় শিশুকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী। তবে গাজায় চলমান জোরপূর্বক অন্তর্ধান ও নিখোঁজদের কারণে সেখান থেকে আটক শিশুদের সঠিক সংখ্যা এখনও অস্পষ্ট।

কারাগারে বন্দি শিশুদের প্রতি নির্যাতন, অনাহার এবং চিকিৎসা না দেওয়ার মতো ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেছে সংস্থাটি। ওফার কারাগারে আটক ১৫ বছর বয়সী মোহাম্মদ হামিদ স্ক্যাবিসে আক্রান্ত হয়ে পরবর্তীতে হৃদরোগের অস্ত্রোপচার এবং পা কেটে ফেলার শিকার হয়। এছাড়া মেগিদো কারাগারে ছয় মাস বন্দি থাকার পর ২০২৫ সালের মার্চে ১৭ বছর বয়সী ওয়ালিদ আহমেদ মৃত্যুবরণ করেন।

প্রতিবেদনে আরও প্রকাশ করা হয়, ফ্লোরিডার অধিবাসী মোহাম্মদ ইব্রাহিম, ১৮ বছর বয়সী আবদালকরিম ইসা আহমেদ সাফির এবং ১৬ বছর বয়সী আদম ওয়াজিজ ক্যারেকরার মতো বেশ কয়েকজন আমেরিকান বংশোদ্ভূত কিশোরকেও কোনো অভিযোগ ছাড়াই রাতে বাড়ি থেকে তুলে নিয়ে বা জামিন বাতিল করে বন্দি করে রেখেছে ইসরায়েল।

ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটি আন্তর্জাতিক সম্প্রদায়কে অন্যায়ভাবে আটক শিশুদের মুক্তি, নির্যাতন বন্ধ এবং ইসরায়েলি কারাগারের অভ্যন্তরীণ অপরাধের তদন্ত নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে পশ্চিম তীর থেকে ২৫,০০০ এর বেশি এবং গাজা থেকে হাজার হাজার ফিলিস্তিনিকে আটক করা হয়েছে।

সূত্র: আল জাজিরা

ইত্তেফাক/টিএইচ