টিকিট বিক্রি ছাড়িয়েছে ১ কোটি , বাম্পার ওপেনিংয়ের অপেক্ষায় ‘দেশু ৭

আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ১৯:৪৩

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামীকাল প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে টালিউড তারকা দেব ও শুভশ্রী গাঙ্গুলি অভিনীত সিনেমা ‘দেশু ৭’। মুক্তির আগেই সিনেমাটির অগ্রিম টিকিট বিক্রির আয় ছাড়িয়েছে এক কোটি টাকা।

স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, অগ্রিম টিকিট বিক্রির প্রথম দিনে ১৭ হাজার ২৩১টি টিকিট বিক্রি হয়। দ্বিতীয় দিনে বিক্রি হয় ১২ হাজার ১৯৬টি, তৃতীয় দিনে ১১ হাজার ৪৭৬টি, চতুর্থ দিনে ৭ হাজার ১৮২টি এবং পঞ্চম দিনে ৬ হাজার ৯১৬টি টিকিট।

প্রতিবেদন অনুযায়ী, পাঁচ দিনে মোট ৫৫ হাজার ১টি অগ্রিম টিকিট বিক্রি হয়েছে। ১৬ হাজার ১৩টি শোর বিপরীতে সিনেমাটির আয় হয়েছে ৯০ লাখ ৭৬ হাজার রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ১৬ লাখ টাকা।

সিনেমাটির সাফল্য নিয়ে দেব বলেন, ‘দেশু ৭’-এর নায়িকা হিসেবে শুভশ্রীই ছিলেন তার প্রথম পছন্দ। তার ভাষায়, সিনেমার দলে শুভশ্রী থাকলে জয়ের সম্ভাবনা ৯৯ শতাংশ।

দীর্ঘ বিরতির পর গত বছর দেব ও শুভশ্রী অভিনীত ‘ধূমকেতু’ মুক্তি পায়। সিনেমাটি দর্শকদের মধ্যে সাড়া ফেলে। পর্দায় এ জুটির রসায়ন দর্শকদের কাছে জনপ্রিয় হওয়ায় তাদের সপ্তম সিনেমা ‘দেশু ৭’ নিয়েও আগ্রহ তৈরি হয়েছে।

আগামী ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে অ্যাকশন-রোমান্টিক ঘরানার সিনেমাটি। দেব ও শুভশ্রী ছাড়াও এতে অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য, প্রিয়াঙ্কা সরকার, রজতাভ দত্ত, কাঞ্চন মল্লিক ও অপরাজিতা আঢ্য।

 

ইত্তেফাক/এসএ