মৃত্যুবার্ষিকী

আপডেট : ২১ আগস্ট ২০১৯, ২২:২৩

খাজা সেলিমা খাতুন

২২ আগস্ট বৃহস্পতিবার বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট সাংবাদিক, শিক্ষাবিদ, সমাজসেবী, রাজনীতিক ও নারী জাগরণ-নেত্রী বেগম খাজা সেলিমা খাতুন এর ৩১তম মৃত্যুবার্ষিকী। ৮৮ সালের ২২ আগস্ট রাতে তিনি ইন্তেকাল করেন। মিনা আপা নামেই তিনি সমধিক পরিচিত ছিলেন। যশোর পৌরসভার কমিশনার খাজা সেলিমা খাতুন ১৯৮০ সালে প্রকাশিত সাপ্তাহিক ‘বহ্নি’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ছিলেন। ১৯৭০ সালে প্রকাশিত মহান মুক্তিযুদ্ধভিত্তিক সাপ্তাহিক মাতৃভূমি’র প্রকাশকও ছিলেন তিনি। মুক্তিযুদ্ধকালীন সময়ে হানাদার পাক বাহিনী তার নামে উচ্চমূল্যের হুলিয়া জারি করে। যশোর প্রেসক্লাবের ভাইস প্রেসিডেন্ট হিসেবে তিনি উজ্জ্বল ভূমিকা রাখেন। খাজা সেলিমা খাতুনের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ঢাকা ও যশোরে ধর্মীয় ও সামাজিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

ডা. সৈয়দ আনোয়ার আলী

মুক্তিযোদ্ধা ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কালুরঘাট, চট্টগ্রামের অন্যতম প্রথম সংগঠক ডা. সৈয়দ আনোয়ার আলীর আজ (২২শে আগস্ট) ৩১তম মৃত্যুবার্ষিকী। ১৯৭১ সনের ২৬শে মার্চ বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা কালুরঘাট স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে বিকেল বেলা হতে প্রচার শুরু করেন। তিনি বেতার কর্মী কাজী হোসনেআরা, ইঞ্জি. আশিকুল ইসলাম, ইঞ্জি. দিলীপ চন্দ্র দাস, স্ক্রিপ্ট রাইটার বেলাল মোহাম্মদ, আবুল কাশেম সন্দ্বীপ, এম এ সালামকে নিয়ে নিজে পিকআপ চালিয়ে কালুরঘাট পৌঁছান ও বেতার প্রচার চালু করেন। আজ বনানী কবরস্থানে তার মাজার জিয়ারত ও দোয়া প্রার্থনা অনুষ্ঠিত হবে।