চট্টগ্রামে নকল মদ তৈরি চক্রের পাঁচ সদস্য গ্রেফতার

আপডেট : ২১ আগস্ট ২০১৯, ২২:২৩

চট্টগ্রামে নকল মদ তৈরি চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলেন—নাছিম উদ্দিন, ইকরামুল হক, স্বপন পাল, ইমরান ফয়সাল ও জাহেদুর রহমান আরজু। গতকাল বুধবার নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে বিদেশি মদের খালি বোতল, ছিপি, স্পিরিট, নকল লেভেল জব্দ করা হয়েছে।

গতকাল দামপাড়া পুলিশ লাইন্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিএমপির উপকমিশনার (পশ্চিম) ফারুক উল হক জানান, দীর্ঘদিন ধরে এই চক্রটি নকল মদ তৈরি করে গোপনে বিক্রি করে আসছিল। ইকরামুল হক লালদীঘির পাড়ের পুরাতন গীর্জা এলাকায় ইকরা হোমিও ফার্মেসির মালিক, স্বপন পাল হাজারী গলির বিএস হোমিও সেন্টারের মালিক, ইমরান ফয়সাল নজির আহমদ চৌধুরী রোডের বন্দর প্রোডাক্টস নামে একটি প্রেসের মালিক এবং জাহেদুর রহমান আরজু পাহাড়তলী এলাকার সাগরিকা প্রেসের মালিক। এই চক্রটি বিদেশি মদের খালি বোতল সংগ্রহ করে পানি, স্পিরিট, কোক, রং ও ঘুমের ওষুধ মিশিয়ে বিষাক্ত মদ তৈরি করতো। তিনি বলেন, সম্প্রতি ভেজাল মদ খেয়ে তিন যুবকের মৃত্যুর পর মামলা হয় আকবরশাহ থানায়। এ ঘটনার পর ভেজাল মদ তৈরির সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে কাজ শুরু করে পুলিশ। গত ১৩ আগস্ট নাছিম ও তার এক সহযোগীর কাছ থেকে দেড় হাজার টাকায় এক বোতল বিদেশি মদ কেনেন বিশ্বজিত্ মল্লিক ও তার ভাই টিটু মল্লিক। পরে বিশ্বজিত্, শাওন মজুমদার জুয়েল, উজ্জ্বল বণিক ও মিল্টন গোমেজ নামে চার জন সেই মদ পান করেন। এদের মধ্যে মারা যান বিশ্বজিত্, শাওন মজুমদার জুয়েল ও মিল্টন গোমেজ এবং উজ্জ্বল বণিক বিকলাঙ্গ হয়ে যান। এ চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের তথ্য পাওয়া গেছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে।