কুমিল্লায় ক্যাম্পাসে কলেজ ছাত্রকে কুপিয়ে আহত

আপডেট : ২১ আগস্ট ২০১৯, ২২:২৫

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন প্রিতম রায় পিতুল (২০) নামে এক কলেজছাত্র। মঙ্গলবার সন্ধ্যায় নগরীর রানীর দীঘিরপাড় ভিক্টোরিয়া কলেজের উচ্চমাধ্যমিক ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। পিতুল রায় কুমিল্লা নগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য সঞ্জয় রায়ের ছেলে। তার বাসা নগরীর পুরাতন চৌধুরীপাড়ায়। পিতুল ভিক্টোরিয়া কলেজ থেকে পাশ করে বর্তমানে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছেন।

পিতুলের বাবা সঞ্জয় রায় জানান, মঙ্গলবার সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে ঘুরতে পিতুল ভিক্টোরিয়া কলেজের উচ্চমাধ্যমিক ক্যাম্পাসে যায়। এসময় ১৮ থেকে ২০ বছর বয়সি কয়েকজন ছেলে মুখোশ পরে অস্ত্র হাতে এসে তার হাত-পা ও শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে গুরুতর আহত করে। তার বন্ধুরা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কোতোয়ালি মডেল থানার ওসি আনোয়ারুল হক বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। এ ঘটনায় এখনো পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি।