চট্টগ্রামে বিপুল পরিমাণ ইয়াবাসহ ছয় মাদক ব্যবসায়ী আটক

আপডেট : ২১ আগস্ট ২০১৯, ২২:২৫

চট্টগ্রামে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ ছয় মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব ও পুলিশ। গতকাল বুধবার নগরীর ফিরিঙ্গিবাজার মেরিন রোড এলাকায় একটি কাভার্ড ভ্যান থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে র্যাব। এ ঘটনায় তিন মাদক ব্যবসায়ীকে আটক ও কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়। আটক ব্যক্তিরা হলেন—মো. মনা, হাসান খান ও মো. শিহাব।

র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাশকুর রহমান জানান, আটক ব্যক্তিরা মাদক ব্যবসায়ী। তারা কক্সবাজার থেকে ইয়াবাগুলো নিয়ে কাভার্ডভ্যানে করে ভোলায় যাচ্ছিল।

গতকাল পৃথক অভিযানে নগরীর টেরিবাজার এলাকার একটি হোটেলের রুম থেকে ৩০০ পিস ইয়াবা ও চারটি মোবাইল ফোনসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতার ব্যক্তিরা হলেন—মো. কামালউদ্দিন, মোহাম্মদ হান্নান উদ্দিন ও মোহাম্মদ হোসেন। সিএমপির জনসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।