দিনাজপুরের চিরিরবন্দরে অগ্নিকাণ্ডে ভস্মীভূত রান্নাঘরে মিলল ১০ মাস বয়সের এক শিশুর পুড়ে যাওয়া লাশ। জলজ্যান্ত রেখে যাওয়া সন্তানের পোড়া লাশ পেয়ে মায়ের কান্না আর আহাজারিতে ভারী হয়ে ওঠে এলাকার পরিবেশ। মৃত শিশুর নাম মুরাদ ইসলাম। উপজেলার আব্দুলপুর ইউনিয়নের তেলীপাড়া গ্রামে মঙ্গলবার এ ঘটনা ঘটে। মুরাদ দিনমজুর মো. আলমগীর ও গৃহিণী মাকসুদা বেগম দুলালীর সন্তান।
মুরাদের নানা মোফাজ্জল হোসেন জানান, ‘মঙ্গলবার রান্নার সময় মুরাদ ঘরের বারান্দায় বসে ছিল। রান্না শেষ করে সবাই বাড়ি থেকে বের হয়ে গেলে হঠাত্ রান্নাঘরের চুলা থেকে আগুন লেগে যায়। এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ সময় মুরাদের মা দুলালী এসে মুরাদকে খোঁজাখুঁজি করে। একপর্যায়ে রান্নাঘরের আগুনে পুড়ে যাওয়া মুরাদের লাশ পাওয়া যায়।’
