৪৫তম বিসিএসে পিএসসি থেকে সুপারিশপ্রাপ্ত হয়েও গেজেট থেকে বাদ পড়া প্রার্থীরা আগামী শনিবার সকাল ১০টার মধ্যে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দাবি জানিয়েছেন। এই সময়ের মধ্যে যৌক্তিক সমাধান না হলে ওই দিন রাজধানীর শাহবাগে ‘আত্মাহুতির’ কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।
এরইমধ্যে ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে সুপারিশপ্রাপ্ত হয়েও গেজেটে নাম না আসায় নিজের হতাশা ও ক্ষোভের কথা জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মৎস্যবিজ্ঞান অনুষদের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মনিরুজ্জামান মনির।
বৃহস্পতিবার ( ১৫ অক্টোবর) দেওয়া ফেসবুক পোস্টে মনির বলেন, ‘এই রাষ্ট্র আমার না। চার বছরের অক্লান্ত পরিশ্রম আর ধৈর্যের ফল আজ শূন্য। কীভাবে বৃদ্ধ বাবার সামনে যাব জানি না। শুধু একটাই প্রশ্ন, কী অপরাধের জন্য মেধাতালিকায় ২৮তম হওয়ার পরও বাদ দেওয়া হলো। ক্রসফায়ার দিয়ে দেন। পরিবার, সমাজ, রাষ্ট্রের বোঝা হয়ে থাকতে চাই না।’
ফেসবুকে দেওয়া আরেক পোস্টে তিনি দাবি করেন, যে রাষ্ট্র বৈষম্যহীন আন্দোলনের উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে আজ সে রাষ্ট্রই আমাদের মত ৫৬ জনের সঙ্গে বৈষম্য করে গ্যাজেট বঞ্চিত করলো। ভেরিফিকেশনের দোহাই দিয়ে এভাবে আর কতজনের সঙ্গে অবিচার করবে রাষ্ট্র! অবিলম্বে ৪৫ তম বিসিএস এ গ্যাজেট বঞ্চিত সবাইকে গ্যাজেটে এ অন্তর্ভুক্ত করা হোক।
জানা যায়, ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে মৎস্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হন তিনি। মেধাতালিকায় তার স্থান ছিল ২৮তম। তবে সদ্য প্রকাশিত নিয়োগের গেজেটে নিজের নাম না পেয়ে চরম হতাশায় ভুগছেন তিনি।
সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও কেন গেজেট থেকে বাদ পড়েছেন, তার উত্তর জানেন না মনিরুজ্জামান। তিনি বলেন, আমাকে কেন বাদ দেওয়া হলো- এর উত্তর আমার জানা নেই। আমি কখনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলাম না। জুলাই আন্দোলনের সময় একদম শুরু থেকে সামনের সারিতে থেকে লড়াই করেছি। তার পরও যে বঞ্চনার বিরুদ্ধে আমরা লড়াই করেছিলাম, সেই বঞ্চনাই আমাকে ভোগ করতে হলো।
তবে সুপারিশপ্রাপ্ত অনেকে পরবর্তী প্রক্রিয়ায় অংশ নেননি দাবি করে আন্দোলনকারীরা বলেন, আবার কারও কারও কাগজপত্রে সমস্যা ছিল। সবকিছু ঠিক থাকার পরেও ৫৪ জনকে বাদ দেওয়া হয়েছে বলে তারা জানতে পেরেছেন।
এর আগে, বুধবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় ৪৫তম বিসিএসের গেজেট জারি করে। এতে পিএসসির সুপারিশ করা ১ হাজার ৮০৭ জন প্রার্থীর মধ্যে ১ হাজার ৭০২ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেওয়া হয়। সে হিসাবে পিএসসির সুপারিশ করা প্রার্থীদের মধ্যে বাদ পড়েছেন ১০৫ জন।
