দিনাজপুরের ঘোড়াঘাটে ১৯৮টি ইয়াবাসহ ইউনিয়ন পরিষদের জাকিরুল ইসলাম (৩৯) নামে এক সদস্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার বুলাকীপুর ইউনিয়নের কুলানন্দনপুর বাজারের একটি চায়ের দোকানের সামনে থেকে আটক করা হয় তাকে।
পরে মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
আটক জাকিরুল ইসলাম ১ নম্বর বুলাকীপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। তিনি কুলানন্দনপুর এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে কুলানন্দনপুর বাজারে গোপনে মাদক কেনাবেচা হচ্ছে বলে খবর পায় পুলিশ। পরে ঘোড়াঘাট থানার উপপরিদর্শক (এসআই) রাজা মিয়ার নেতৃত্বে একটি দল ওই বাজারে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা কয়েকজন পালিয়ে যান। এ সময় জাকিরুলকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, তল্লাশি করে জাকিরুলের লুঙ্গির কোঁচায় বিশেষভাবে রাখা একটি পলিব্যাগ থেকে ১৯৮টি ইয়াবা বড়ি পাওয়া যায়। বিক্রির জন্য তিনি এসব ইয়াবা নিজের কাছে রেখেছিলেন বলে পুলিশের দাবি।
এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, ইয়াবাসহ জাকিরুল ইসলামকে আটক করার পর তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
আজ দুপুরে তাকে দিনাজপুরের আদালতে পাঠানো হবে বলে জানান ওসি।
