শেবাগের ছেলের তাণ্ডব, ১৯ চার ও ৮ ছক্কায় ১৭৩

আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ২১:৩৯

ভারতের সাবেক বিধ্বংসী ওপেনার বীরেন্দ্র শেবাগের ছেলে আর্যাভীর শেবাগের ব্যাটে দেখা গেল দুর্দান্ত ঝলক। বিনু মানকড় ট্রফিতে দিল্লি অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে চণ্ডীগড়ের বিপক্ষে ১৪৩ বলে ১৭৩ রানের চোখধাঁধানো ইনিংস খেলেছেন তিনি। শুক্রবার (১৬ অক্টোবর) বিজিয়ানগরমের পিভিজি রাজু এসিএ স্পোর্টস কমপ্লেক্সে ৫০ ওভারের ম্যাচে ১৯টি চার ও ৮টি ছক্কায় সাজানো ইনিংসটি খেলেন আর্যাভীর।

ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে নিজের যাত্রার শুরুতেই সম্ভাবনার ইঙ্গিত দিয়েছিলেন আর্যাভীর। যুব ওয়ানডে সিরিজের তিন ম্যাচে প্রায় ১০৪ স্ট্রাইক রেটে ১০৯ রান করেছিলেন তিনি। ওই সিরিজে তাঁর সর্বোচ্চ ইনিংস ছিল ৪৭ রানের। এরপর রাজকোটে অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিপক্ষে খেলে আরও উচ্চপর্যায়ের ক্রিকেটে অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান এই তরুণ ব্যাটার।

ক্রিকেট দলে নিজের অবস্থান আরও শক্ত করার লক্ষ্যে দিল্লির হয়ে এবারের ইনিংসটি তার সাম্প্রতিক ভালো পারফরম্যান্সের ধারাবাহিকতা তুলে ধরেছে। পুরো ইনিংসেই আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাটিং করেছেন আর্যাভীর। নিয়মিত বাউন্ডারি হাঁকিয়ে প্রতিপক্ষের বোলারদের ওপর চাপ তৈরি করেন তিনি। ১৪৩ বলের ইনিংসে ২৭টি বাউন্ডারি থেকেই আসে তাঁর উল্লেখযোগ্য রান। তাঁর সেঞ্চুরির ওপর ভর করে প্রথম ইনিংসে ৬ উইকেটে ২৮৯ রান সংগ্রহ করে দিল্লি অনূর্ধ্ব-১৯ দল।

ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম আক্রমণাত্মক ওপেনার বীরেন্দ্র শেবাগের ছেলে হওয়ায় শুরু থেকেই আর্যাভীরকে ঘিরে বাড়তি আগ্রহ রয়েছে। তবে বাবার পরিচয়ের সঙ্গে জড়িয়ে থাকা প্রত্যাশার চাপ না নিয়ে স্বাভাবিক খেলায় মনোযোগ দেওয়ার পরামর্শ পেয়েছেন তিনি।

আগের এক সাক্ষাৎকারে ছেলের পারফরম্যান্স নিয়ে গর্ব প্রকাশ করে শেবাগ বলেছিলেন, ‘আমি আর্যাভীর শেবাগকে নিয়ে অত্যন্ত গর্বিত। আমি তাকে পরামর্শ দিয়েছি যে, চাপ থাকবেই; তবে মাঠে গিয়ে মন খুলে নিজের স্বাভাবিক খেলাটা খেলো। নিজেকে মেলে ধরো, বড় রান করতেই হবে—এমন চিন্তায় উদ্বেগে থেকো না। তুমি যদি নিজের খেলাটা উপভোগ করো এবং মেলে ধরতে পারো, তবে বড় রান এমনিতেই আসবে। কিন্তু তুমি যদি কেবল বড় রানের কথা চিন্তা করো, তবে আমার মনে হয় না সেই বড় রান আসবে।’

বিনু মানকড় ট্রফিতে আলোচনায় আসা সাবেক ভারতীয় অধিনায়কের সন্তানদের মধ্যে আর্যাভীর একা নন। ভারতের সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড়ের ছেলে অনভয় দ্রাবিড়ও কর্ণাটক অনূর্ধ্ব-১৯ দলের হয়ে নজর কেড়েছেন। টুর্নামেন্টে একটি সেঞ্চুরি করার পরপরই মাত্র ৪১ বলে ৮৫ রানের আক্রমণাত্মক ইনিংস খেলেছেন অনভয়।

তরুণ দুই ক্রিকেটারের এমন পারফরম্যান্স ভারতের বয়সভিত্তিক ক্রিকেটে উঠে আসা নতুন ব্যাটিং প্রতিভার সম্ভাবনাই তুলে ধরছে।

ইত্তেফাক/এমএসআর