আইনজীবী পরিচয় দিলেও বার পরীক্ষায় ফেল করেছিলেন মার্কিন প্রেস সচিব

আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ০২:৫০

নিজেকে আইনজীবী হিসেবে পরিচয় দিলেও মার্কিন যুক্তরাষ্ট্রের বার পরীক্ষায় উত্তীর্ণ হননি দেশটির নতুন প্রেস সচিব ক্যাটি জাকারিয়া। বিভিন্ন গণমাধ্যমের অনুসন্ধানী প্রতিবেদনে বিষয়টি সামনে আসার পর অবশেষে ফক্স নিউজের একটি সাক্ষাৎকারে তা স্বীকার করেছেন তিনি।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ফক্স নিউজের জনপ্রিয় উপস্থাপক সিন হ্যানিটির শোতে যুক্ত হন ক্যাটি জাকারিয়া। সে সময় উপস্থাপক তাঁকে সরাসরি প্রশ্ন করেন, “আপনি পেপারডাইন ল স্কুলে পড়াশোনা করেছেন। কিন্তু আপনি বার এক্সামে উত্তীর্ণ হননি, বিষয়টি কি সঠিক?” জবাবে জাকারিয়া স্পষ্টভাবে জানান, “হ্যাঁ, সঠিক।” এরপর উপস্থাপক তাঁকে দ্বিতীয় বা তৃতীয়বার আর পরীক্ষা দিয়েছেন কি না জানতে চাইলে তিনি জানান, তিনি আর কখনো বার পরীক্ষা দেননি।

বার পরীক্ষায় ফেল ও বিতর্ক

এর আগে এবিসি নিউজসহ একাধিক সংবাদমাধ্যমের কাছে সংশ্লিষ্ট দুটি সূত্র নিশ্চিত করে জানায় যে, ক্যাটি জাকারিয়া যুক্তরাষ্ট্রের বার পরীক্ষায় পাস করতে পারেননি।

গত সপ্তাহে নতুন প্রেস সচিব হিসেবে হোয়াইট হাউসে নিজের প্রথম প্রেস ব্রিফিংয়ে আসার পর থেকেই তিনি নিজেকে আইনজীবী হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে তাঁকে ‘অ্যাটর্নি’ বা আইনজীবী হিসেবে উল্লেখ করেছিলেন। তবে চলতি সপ্তাহে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর জানা যায় যে, জাকারিয়া কখনোই আইন পেশা বা প্র্যাকটিস করেননি।

ইত্তেফাক/এএম