হুমকিতে বুড়িতিস্তা নদীর ব্রিজ

ভোগান্তিতে পড়বে উলিপুরের ১৫ গ্রামের মানুষ

আপডেট : ২১ আগস্ট ২০১৯, ২২:৩৬

উলিপুরে বুড়িতিস্তা নদীর ওপর নির্মিত শত বছরের একটি ব্রিজ হুমকিতে রয়েছে। যেকোনো মুহূর্তে ব্রিজটি ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে পৌরসভাসহ উপজেলার দুটি ইউনিয়নের প্রায় ১৫টি গ্রামের মানুষ। এতে চরম ভোগান্তিতে পড়বে এসব এলাকার স্কুল-কলেজের শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষ। 

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার দলদলিয়া ইউনিয়নের পাতিলাপুরি গ্রামে ১৯২৫ সালে তত্কালীন সরকার মানুষের যাতায়াতের জন্য বুড়িতিস্তা নদীর ওপর ব্রিজটি নির্মাণ করে। দীর্ঘদিন ধরে ঝুঁকি নিয়ে ব্রিজের ওপর দিয়ে যান চলাচল করলেও বুড়িতিস্তা নদী খনন করা হলে তা আরো ঝুঁকির মধ্যে পড়ে যায়। সম্প্রতি বন্যার পানির তোড়ে ব্রিজের নিচের মাটি সরে গিয়ে গভীর গর্তের সৃষ্টি হলে ফ্লোরের পাকা অংশ ধসে যায়। এ অবস্থায় ব্রিজের উইং ওয়ালের ইট বিচ্ছিন্ন হয়ে পড়লে ব্রিজের পাটাতন পাশের মাটির ওপর আটকে আছে। ফলে যেকোনো মুহূর্তে ব্রিজটি ভেঙে প্রাণহাণির আশঙ্কা করছেন এলাকাবাসী। ঐ এলাকার আব্দুর রহিম, কেরামত আলীসহ অনেকে বলেন, বহু বছর আগে ব্রিজটি নির্মাণ করা হয়। প্রতিদিন এ ব্রিজের ওপর দিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ শত শত যানযাহন ঝুঁকি নিয়েই চলাচল করছে। ব্রিজটি ভেঙে গেলে উলিপুর পৌরসভাসহ দলদলিয়া ও থেতরাই ইউনিয়নের মিয়াপাড়া, পাতিলাপুর, ঘাটিয়ালপাড়া, টাপু, কিশোরপুর, অর্জুনসহ ১৫ গ্রামের হাজার হাজার মানুষকে দুর্ভোগের মধ্যে পড়তে হবে।

এদিকে গত শনিবার বিকেলে উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, ভাইস চেয়ারম্যান ও উলিপুর প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ সরকার, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম সরদারসহ উপজেলা প্রকৌশল বিভাগের কর্মকর্তারা ব্রিজটি পরিদর্শন করেছেন। 

উপজেলা প্রকৌশলী নুরুল ইসলাম বলেন, জনস্বার্থে দ্রুত ব্রিজটি নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।