মৌলভীবাজারে চার হাসপাতালকে জরিমানা

আপডেট : ২১ আগস্ট ২০১৯, ২২:৪৩

মৌলভীবাজারের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও রোগ নির্ণয় কেন্দ্রে দুই দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পৌরসভা প্রশাসন ।

২০ ও ২১ আগস্ট সহকারী কমিশনার মৌসুমি আক্তারের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এ সময় লাইসেন্স, চিকিত্সক, ডিপ্লোমাধারী নার্স না থাকাসহ বিভিন্ন অনিয়মে মেরি স্টোপসকে ৩ হাজার টাকা এবং লেক ভিউ প্রাইভেট হাসপাতালকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মামুন প্রাইভেট হাসপাতালকে ৫ হাজার টাকা ও জেনারেল প্রাইভেট হাসপাতালকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। আরও ১০টি প্রতিষ্ঠান পরিদর্শন করে সতর্ক করা হয়।

অভিযানকালে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. সরোয়ার আলম, তানজিলা সিদ্দিকা, সিভিল সার্জন ডা. শাহজাহান কবীর চৌধুরী, বিএমএ সভাপতি ডা. সাব্বির আহমদ খানসহ অন্যান্যরা।