শেখ হাসিনার সঙ্গে যোগাযোগের দাবি করা রুবেল গ্রেপ্তার

আপডেট : ১৮ অক্টোবর ২০২৬, ১০:৪৫

চট্টগ্রামে সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে শহিদুল ইসলাম ওরফে রুবেল (৩৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৭ অক্টোবর) রাত ৮টার দিকে নগরের হালিশহর থানার আই-ব্লক এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই যুবক দাবি করেছেন তার প্রায়ই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা হতো বলে জানিয়েছে পুলিশ। 

গ্রেপ্তার হওয়া শহিদুল ইসলাম ফেনী সদর থানার ফরহাদাবাদ ইউনিয়নের দক্ষিণ ফরহাদনগর গ্রামের কামাল পাশার ছেলে। তিনি নগরের খুলশী থানার জালালাবাদ হাউজিং সোসাইটির একটি ভবনে থাকতেন।

পুলিশ জানায়, শহিদুল নিজেকে ‘শেখ হাসিনা ঐক্য পরিষদ’ নামের একটি টেলিগ্রাম গ্রুপের প্রতিষ্ঠাতা হিসেবে পরিচয় দিতেন। এছাড়া ‘চট্টগ্রাম দক্ষিণ, শেখ হাসিনা ঐক্য পরিষদ’, ‘চট্টগ্রাম উত্তর, শেখ হাসিনা ঐক্য পরিষদ’ ও ‘ফেনী জেলা- শেখ হাসিনা ঐক্য পরিষদ’সহ ১০ থেকে ১২টি হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন হিসেবে যুক্ত ছিলেন তিনি।

‘মো. শহিদুল ইসলাম’ নামের ফেসবুক আইডি ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে রাষ্ট্রবিরোধী কার্যক্রম পরিচালনা করে আসছিলেন তিনি বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে হালিশহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহিদুল ইসলাম ওরফে রুবেলকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্র ও সরকারবিরোধী ষড়যন্ত্রমূলক এবং বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করে আসছিলেন। এছাড়া নগরের বিভিন্ন থানা এলাকায় সরকারবিরোধী মিছিল-মিটিং পরিচালনা করতেন বলেও অভিযোগ রয়েছে।

পাশাপাশি রুবেলের বিরুদ্ধে হালিশহর থানায় সন্ত্রাসবিরোধী আইনে দুটি মামলা রয়েছে বলেও উল্লেখ করেন ওসি।

 

ইত্তেফাক/এনটিএম