রিয়াল মাদ্রিদে ভিনিসিয়ুস জুনিয়রের ভবিষ্যৎ নিয়ে যখন নানা প্রশ্ন উঠছে, তখন ব্রাজিলিয়ান তারকার মানসিক দৃঢ়তার প্রশংসা করেছেন হোসে মরিনিও। পর্তুগিজ কোচের মতে, ভিনিসিয়ুসের জায়গায় তিনি থাকলে হয়তো অনেক আগেই ক্লাব ছাড়ার চেষ্টা করতেন। তবে রিয়াল মাদ্রিদের প্রতি ভালোবাসা ও পরিস্থিতি বদলানোর বিশ্বাসই ভিনিসিয়ুসকে প্রতিকূলতার মধ্যেও টিকিয়ে রেখেছে।
সেভিয়ার বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ভিনিসিয়ুসকে নিয়ে কথা বলেন মরিনিও। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি খেলোয়াড়টির ওপর চলমান চাপ, সমালোচনা এবং মানসিক শক্তির বিষয়টিও উঠে আসে তার বক্তব্যে।
ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখার পর চার ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন ভিনিসিয়ুস। প্রতিপক্ষের এক খেলোয়াড়ের চুল টানার ঘটনায় দুই ম্যাচ এবং রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করায় আরও দুই ম্যাচের শাস্তি দেওয়া হয় তাকে।
এই শাস্তির মেয়াদ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করেছিলেন মরিনিও। শেষ পর্যন্ত নিষেধাজ্ঞা চার ম্যাচে সীমাবদ্ধ থাকায় স্বস্তি প্রকাশ করেন তিনি। তবে শাস্তির সিদ্ধান্ত নিয়ে তার অসন্তোষও স্পষ্ট।
