ছোটো ভাইয়ের হাতে বড়ো ভাই খুন

আপডেট : ২১ আগস্ট ২০১৯, ২২:৪৪

জমিসংক্রান্ত বিরোধের জেরে পাকুন্দিয়ায় ছোটো ভাই শামসুল মুসলিমিন মতির (৬০) কিরিচাঘাতে বড়ো ভাই আলী আসগর মুকুল (৬৫) খুন হয়েছেন।

বুধবার ভোর ৬টার দিকে উপজেলার জাঙালিয়া ইউনিয়নের চরটেকী গ্রামে এ ঘটনা ঘটে। তারা দুই জনই চরটেকী গ্রামের মৃত হারুন অর রশীদের ছেলে। নিহত আলী আসগর মুকুল পরিবার নিয়ে ঢাকায় থাকতেন। এলাকাবাসী ঘাতক মতিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার চরটেকী গ্রামের আলী আসগর মুকুলসহ ছয় ভাইয়ের সঙ্গে তাদের ছোটো ভাই শামসুল মুসলিমিন মতির দীর্ঘদিন ধরে পৈত্রিক জমি সংক্রান্ত বিরোধ চলছিল। গত সোমবার মুকুল ঢাকা থেকে বাড়িতে আসেন। মঙ্গলবার সন্ধ্যায় মুকুলের সঙ্গে জমি সংক্রান্ত বিষয়ে ছোটো ভাই মতির কথা কাটাকাটি হয়। বুধবার ভোরে মুকুল বাড়ির সামনে দাঁড়িয়েছিল। এ সময় মতি এসে কিরিচ দিয়ে উপর্যুপরি কয়েকটি আঘাত করেন। মুকুলের চিত্কারে এলাকাবাসী এসে মতিকে আটক করে। মুমূর্ষূ মুকুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ছোটো ভাই মতিকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।